
বাংলাদেশের মানুষ গত ১৬ বছর ধরে তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারেনি। কেউ কথা বলার চেষ্টা করলে কীভাবে তাকে রাতের আঁধারে তুলে নেওয়া হয়েছে, গুম ও খুন করা হয়েছে—তা আমরা দেখেছি। এসব কথা উল্লেখ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা–২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, দেশের জনসংখ্যা প্রায় ২০ কোটি। এর মধ্যে প্রায় ১০ কোটি নারী—অর্থাৎ জনসংখ্যার অর্ধেকই নারী সমাজ। এই নারী সমাজকে পেছনে রেখে যত পরিকল্পনাই গ্রহণ করা হোক না কেন, যত বড় কথাই বলা হোক না কেন, দেশকে সামনে এগিয়ে নেওয়া বা পুনর্গঠন করা কোনোভাবেই সম্ভব নয়।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় ২১ নম্বর ওয়ার্ডের খানজাহান আলী হকার্স মার্কেট এলাকায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। পরে সকাল ১১টায় শহীদ হাদিস পার্কে সুশাসনের জন্য নাগরিক (সুজন) খুলনা জেলা কমিটির আয়োজনে খুলনা–২ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের নিয়ে আয়োজিত মুখোমুখি অনুষ্ঠানে অংশ নেন নজরুল ইসলাম মঞ্জু।
এ সময় তিনি আরও বলেন, এই মুহূর্তে দেশ পুনর্গঠনের জন্য যদি কোনো দল থাকে, তা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদের ডাক দিয়েছিলেন এবং দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশে সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন। এসব থেকেই প্রমাণিত হয়, বিএনপি শুধুমাত্র জনগণের জন্য এবং দেশ পুনর্গঠনের জন্য কাজ করে।
তিনি শিল্পবন্দর নগরী খুলনাকে আবার শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে ধানের শীষের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন আবু সাঈদ শেখ, শামীম খান, মনিরুল ইসলাম মাসুম, ওহেদুজ্জামান খসরু, আলমগীর ব্যাপারী, ইলিয়াস হোসেন, মো. আজম খান, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, কামাল হোসেন, শাহাদাৎ হোসেন, মামুন হোসেন, ওহিদুল ইসলাম, মো. লিটন, গোপাল সাহা, আব্দুর রাজ্জাকসহ ওয়ার্ড নেতৃবৃন্দ ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।


