সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন | চ্যানেল খুলনা

দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সারা দেশে নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত কোনো পূজামণ্ডপকে বিশেষ ঝুঁকিপূর্ণ বা উচ্চঝুঁকির হিসেবে চিহ্নিত করা হয়নি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পূজা ফ্রন্ট, কল্যাণ ট্রাস্ট ও মহানগর সার্বজনীন পূজা কমিটিসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এবার সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গতবারের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা প্রায় দেড় হাজার বেড়েছে। এর আগে মণ্ডপের সংখ্যা ছিল ৩২ হাজার ৩৫১টি এবং তার আগের বছরগুলোতে প্রায় ২৮ হাজার।

তিনি বলেন, “কোনো অ্যালার্ট বা ঝুঁকির তথ্য নেই। উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।”

মন্ত্রী জানান, জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারি সংস্থাকে পূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দায়িত্ব দেওয়া হয়েছে। পুরো উৎসবজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। কোনো ধরনের হুমকি দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

দুর্গাপূজায় সরকারি ছুটি তিন দিন করা হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এর সঙ্গে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট পাঁচ দিনের ছুটি হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দুর্গাপূজার মণ্ডপগুলোর সরকারি অনুদান চার কোটি টাকা থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে বলেও জানান তিনি।

নিরাপত্তা ও নজরদারি জোরদারে একটি বিশেষ মোবাইল অ্যাপ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনের সময় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) ব্যবহৃত প্রযুক্তির ভিত্তিতে তৈরি এ ব্যবস্থার মাধ্যমে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য দ্রুত সংশ্লিষ্টদের কাছে পৌঁছানো হবে। এ জন্য জেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একই সঙ্গে পুলিশ সদর দপ্তর, বিভাগীয় ও জেলা পর্যায়ে ২৪ ঘণ্টার মনিটরিং সেল চালু থাকবে।

পূজামণ্ডপে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আয়োজকদের সার্বক্ষণিক জেনারেটর প্রস্তুত রাখতে হবে। জেনারেটর বিকল হলে বিকল্প হিসেবে রিচার্জেবল লাইট রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সিলেট, মানিকগঞ্জ ও দিনাজপুরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব ঘটনা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইজিপি তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন।

চাঁদাবাজি, সন্ত্রাসবাদ ও অন্যান্য অপরাধ প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ নিয়মিত চাঁদাবাজ, সশস্ত্র অপরাধী ও মাদক ব্যবসায়ীদের তালিকা হালনাগাদ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাড্ডা ক্লিনিকের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে একজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান মন্ত্রী। মাটিকাটা ক্যান্টনমেন্ট থানা এলাকায় রাতে জমি দখলের চেষ্টার অভিযোগে ৯৯৯-এ কল পেয়ে পুলিশের হস্তক্ষেপের বিষয়টিও তিনি উল্লেখ করেন।

মিথ্যা অভিযোগের প্রবণতা ঠেকাতে মামলা করার আগে আইনগতভাবে প্রাথমিক অনুসন্ধান বা তদন্তের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।

মিরপুরে হকার ও পুলিশের সংঘর্ষ এবং সিটি করপোরেশনের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, সেখানে ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রাথমিক সমন্বয়ের ঘাটতি ছিল। এ ঘটনায় সরকারি তদন্ত শুরু হয়েছে।

রাড্ডা ও মানিকদীতে স্টুডিওতে হামলার ঘটনা নিয়েও তদন্ত চলছে জানিয়ে মন্ত্রী বলেন, অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারও রাজনৈতিক পরিচয় থাকলেও অপরাধের ক্ষেত্রে সেটি বিবেচনায় নেওয়া হবে না।

তিনি বলেন, “কেউ কেউ সরকারকে ঢালাও দোষারোপ করছে। এটি ঠিক নয়।”

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

কৌশানির নীল শাড়ির লুকে মুগ্ধ ভক্তরা

ক্লাস থ্রিতে প্রেমের চিঠি পেয়ে ভয় পেয়েছিলেন প্রভা

নায়কের স্ত্রীর আপত্তিতে সিনেমা থেকে বাদ পড়েছিলেন তাপসী

কেন এখনও বিয়ে করেননি ৪৭ বছর বয়সী রাইমা, জানালেন নিজেই

মাতৃত্বের পর শরীর নিয়ে যে কথা বললেন ক্যাটরিনা

শুটিংয়ের চুক্তিতে ‘পিরিয়ড লিভ’ চান শ্রুতি হাসান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।