সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ঘণ্টায় ঘণ্টায় সুর পাল্টাচ্ছেন ট্রাম্প, ইরান যুদ্ধের শেষ কোথায় | চ্যানেল খুলনা

ঘণ্টায় ঘণ্টায় সুর পাল্টাচ্ছেন ট্রাম্প, ইরান যুদ্ধের শেষ কোথায়

ইরান যুদ্ধের দশম দিনে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরস্পরবিরোধী বক্তব্য বিশ্বজুড়ে চরম বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি করেছে। গতকাল সোমবার এক দিনেই ট্রাম্পের বক্তব্যের সুর কয়েক দফায় কয়েক দিকে মোড় নিয়েছে। ফলে মিত্র দেশ বা বাজার বিশ্লেষক—কেউই যুদ্ধের ভবিষ্যৎ লক্ষ্য বা সময়সীমা সম্পর্কে স্পষ্ট ধারণা পাচ্ছেন না।

গতকাল সকালে তেলের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলারে উঠে যাওয়া এবং শেয়ারবাজারে ধস নামার পর ট্রাম্প মরিয়া হয়ে সাংবাদিকদের ফোন করতে শুরু করেন। নিউইয়র্ক পোস্টের সাংবাদিককে তিনি বলেন, ‘সবকিছুর জন্য আমার কাছে পরিকল্পনা আছে, আপনারা খুশিই হবেন।’

সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও এক ধাপ এগিয়ে দাবি করেন, ‘যুদ্ধ প্রায় শেষ পর্যায়ে, আমরা সময়ের চেয়ে অনেক এগিয়ে আছি।’ এই বক্তব্যের প্রভাবে তেলের দাম ১২০ ডলার থেকে এক ধাক্কায় ৯০ ডলারের নিচে নেমে আসে।

কিন্তু সন্ধ্যা হতেই ট্রাম্প তাঁর আগের অবস্থান থেকে সরে আসেন। তিনি নতুন করে হুঙ্কার দিয়ে বলেন, ‘আমরা এখনই একে বিশাল সাফল্য বলতে পারি, অথবা আরও এগিয়ে যেতে পারি। আমরা আরও এগিয়েই যাব।’ অর্থাৎ মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ‘যুদ্ধ শেষের পথে’ থেকে তিনি ‘হামলা জোরদার করার’ দিকে ঝুঁকে পড়েন।

ট্রাম্প যখন দাবি করছেন অভিযান ‘প্রায় সম্পূর্ণ হয়ে গেছে’, ঠিক তখনই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরেছেন। হেগসেথ জানান, অভিযানের পরবর্তী ধাপে আরও শক্তিশালী ৫০০, ১০০০ এবং ২০০০ পাউন্ডের ‘গ্রাভিটি বোমা’ ব্যবহার করা হবে। তিনি সাফ বলেন, ‘আমরা তো অভিযানের আসল অংশটি এখনো শুরুই করিনি।’ যখন ট্রাম্পকে এই বৈপরীত্য নিয়ে প্রশ্ন করা হয়, তিনি অদ্ভুতভাবে উত্তর দেন, ‘আমার মনে হয় আপনি দুটোই বলতে পারেন।’

এদিকে ইরান যুদ্ধের কারণে আমেরিকায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। গত এক সপ্তাহে পেট্রলের দাম গ্যালন প্রতি ৪৮ সেন্ট বেড়ে ৩ দশমিক ৪৮ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া গত ফেব্রুয়ারিতে দেশটিতে ৯২ হাজার মানুষ কাজ হারিয়েছেন এবং বেকারত্বের হার বেড়ে ৪ দশমিক ৪ শতাংশ হয়েছে।

সামনে নভেম্বর মাসের গুরুত্বপূর্ণ মিডটার্ম নির্বাচন। তার আগে জর্জিয়ার বিশেষ নির্বাচনে ভোটারদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা গেছে। ট্রাম্পের সমর্থক অনেক ভোটারও এখন বলছেন, তাঁরা ট্রাম্পকে সমর্থন দিলেও এই যুদ্ধের কারণে তৈরি হওয়া অর্থনৈতিক মন্দাকে সমর্থন করছেন না। ডেমোক্র্যাট প্রার্থী শন হ্যারিস এই সুযোগকে কাজে লাগিয়ে বলছেন, ‘আমেরিকানরা এই যুদ্ধ চায়নি, এটি আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।’

ট্রাম্পের বক্তব্যে একদিকে যেমন ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ ও ‘নতুন রাষ্ট্র গঠনের’ উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ পাচ্ছে, অন্যদিকে তেলের বাজার স্থিতিশীল রাখতে তিনি দ্রুত যুদ্ধ শেষের আশাও দেখাচ্ছেন। এই দ্বিমুখী বার্তার কারণে বিশ্ব অর্থনীতি ও সাধারণ মানুষের জীবন এখন এক অনিশ্চিতায় ঝুলছে।

বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্প হয়তো সামরিকভাবে ইরানের নৌবাহিনী বা বিমানবাহিনী ধ্বংসের সাফল্য উদ্‌যাপন করছেন, কিন্তু এই যুদ্ধের রাজনৈতিক ও অর্থনৈতিক চড়া মূল্য হয়তো তাঁর দ্বিতীয় মেয়াদের ভাগ্য নির্ধারণ করে দেবে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ট্রাম্প বলুক আর না বলুক-ইরানকে মুক্ত করতে চায় কুর্দিরা

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানালেন পুতিন

ইরানে সরকার উৎখাতের পরিকল্পনা জনসমর্থন পাবে না: চীনা পররাষ্ট্রমন্ত্রী

যৌন নিপীড়নের মামলায় এফবিআইয়ের হাতে বাংলাদেশি গ্রেপ্তার

ফুল, গান আর সোনালি কফিনে শায়িত হলেন মাদকসম্রাট ‘এল মেনচো’

বেঁচে আছেন খামেনির দ্বিতীয় ছেলে মোজতাবা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।