
খুলনার আলোচিত নির্জনা হত্যা মামলার প্রধান আসামি ও নিহতের বাবা মো. আলীম হোসেন আকাশকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-৬। শনিবার (১৮ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার ডুমুরিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৬, স্পেশাল কোম্পানি এবং কেএমপি সদর থানা পুলিশের যৌথ আভিযানিক দল এই সফল অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামি আকাশকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
উলেখ্য, গত ৮ জুলাই রাতে নির্জনাকে হত্যার পর তার মরদেহ একটি প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এই ঘটনায় খুলনা সদর থানায় কর্মরত নারী এসআই লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তীতে তদন্ত ও জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে যে, পারিবারিক কলহের জের ধরে বাবা আলীম হোসেন আকাশ ও মা আরিফা ইয়াসমীন সীমা তাদের মেয়েকে হত্যা করেন।
ঘটনার পর নিহতের মা আরিফা ইয়াসমীন সিমাকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে ঘটনার পর থেকেই প্রধান আসামি বাবা আলীম হোসেন আকাশ আত্মগোপনে ছিলেন।


