
খুলনা বিভাগে ডেঙ্গুর সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে রেকর্ড ৩৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৯ জন।
রোববার (৬ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানান।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন ভর্তি রোগীদের মধ্যে সরকারি হাসপাতালে ২৮৭ এবং বেসরকারি হাসপাতালে ৪৭ জন। খুলনা জেলায় সর্বোচ্চ ১৬৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫ জন ভর্তি হয়েছেন। এছাড়া যশোরে ৩৭, বাগেরহাটে ১৯, ঝিনাইদহে ১৬, সাতক্ষীরায় ১৫, মাগুরায় ১৪, কুষ্টিয়ায় ৯, চুয়াডাঙ্গায় ৭, নড়াইলে ৬ ও মেহেরপুরে ২ জন ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৮৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ১১২ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৮৮৫ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। তবে চলতি বছর এখন পর্যন্ত বিভাগে ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮, খুলনা জেলা হাসপাতালে ২ এবং বাগেরহাটে ১ জন মারা গেছেন।


