
খুলনার আড়ংঘাটা থানা এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৪ এপ্রিল ) ভোরে আড়ংঘাটা থানার লতার মোড় গাছতলা মন্দির সংলগ্ন রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোর ৪টার দিকে দিদার সরদার নামের ওই ব্যক্তিকে ঘেরের মাছ চুরির সন্দেহে আটক করে স্থানীয়রা। পরে দীর্ঘ সময় আটকে রেখে তাকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। সকাল ৯টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত দিদার সরদার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আরকান্দি গ্রামের বিনু সরদারের ছেলে। তিনি নগরীর দৌলতপুর মধ্যডাঙ্গা এলাকায় বসবাস করতেন।
আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ শাহ জাহান আহমেদ জানান, মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা এলে হত্যা মামলা করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


