
গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আশঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী অধিকাংশ বাস চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে নগরের বিভিন্ন বাস কাউন্টার থেকে ‘টুঙ্গিপাড়া’ নাম মুছে দিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে সোনাডাঙ্গা বাস টার্মিনাল ও রয়্যাল মোড়ের কাউন্টারে সাইনবোর্ড থেকে নাম মুছে ফেলা হয়। কোথাও কালো কালি দিয়ে লেখা মুছে দেওয়া হয়, কোথাও কালো কাপড়ে ঢেকে রাখা হয়। এর আগে ১৬ নভেম্বর ফুলবাড়িগেট এলাকার একটি কাউন্টার থেকেও নামটি মুছে দেওয়া হয়েছিল।
এদিকে সহিংসতার আশঙ্কায় পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাসের শিডিউল বাতিল করেন পরিবহন মালিকেরা। সোনাডাঙ্গা টার্মিনালে কয়েকটি পরিবহনের কাউন্টার বন্ধ ছিল। তবে লোকাল বাস চলাচল স্বাভাবিক ছিল। কিছু বাস আরিচা হয়ে বিকল্প পথে ঢাকার উদ্দেশে যাত্রার প্রস্তুতি নেয়।
সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, কাউন্টার থেকে নাম মুছে ফেলার বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


