
দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর অস্ত্রোপচার ও চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। বর্তমানে কেমোথেরাপি চলছে তার। তবে শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো হওয়ায় ধীরে ধীরে স্বাভাবিক জীবনের আনন্দও উপভোগ করছেন এই অভিনেত্রী।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তানিয়া বৃষ্টির প্রকাশ করা কয়েকটি ছবিতে সেই স্বস্তিরই ছাপ দেখা গেছে। গত ৪ অক্টোবর থেকে একের পর এক ছবি প্রকাশ করছেন তিনি। প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর এসব ছবিতে ভক্তরাও তার সুস্থতার পথে ফেরার ইঙ্গিত খুঁজে পাচ্ছেন।
৪ অক্টোবর সকালে একটি রিসোর্টের দোলনায় বসা ছবি প্রকাশ করে তানিয়া লিখেছিলেন, ‘একটি সুন্দর সকাল, একটি প্রশান্ত মন।’ এরপর ৬ অক্টোবর থেকে একই রিসোর্টে কাটানো সময়ের আরও কিছু ছবি প্রকাশ করেন তিনি।
একটি ছবিতে নীল ডেনিম স্কার্ট ও সাদা টপ পরে রোদের আলোয় বসে থাকতে দেখা যায় অভিনেত্রীকে। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘Basking in the sunlight’। প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা আরেকটি ছবিতে লিখেছেন, ‘Somewhere between nature and serenity’—অর্থাৎ প্রকৃতি ও প্রশান্তির মাঝামাঝি কোথাও।
বেজ রঙের গাউন ও ব্লেজার পরা আরেকটি ছবিতে চোখ বন্ধ করে রোদের উষ্ণতা উপভোগ করতে দেখা যায় তাকে। ক্যাপশনে লিখেছেন, ‘Golden light, quiet soul’। গাছের আড়াল থেকে উঁকি দেওয়া কিংবা সিঁড়ি দিয়ে হেঁটে নামার ছবিতেও সাদা রঙের লাভ ইমোজি ব্যবহার করেছেন তিনি।
তানিয়ার এসব ছবিতে প্রকৃতির সান্নিধ্য ও মানসিক প্রশান্তির অনুভূতি স্পষ্ট। দীর্ঘ চিকিৎসার সময়ের পর এমন স্বাভাবিক ও প্রাণবন্ত মুহূর্তে তাকে দেখে স্বস্তি প্রকাশ করছেন ভক্তরাও।
একসময় ছোট পর্দায় নিয়মিত ব্যস্ত ছিলেন তানিয়া বৃষ্টি। সারা বছর নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকতেন তিনি। তবে চলতি বছরের শুরুতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তার কাজ থেমে যায়।
ফেব্রুয়ারিতে অসুস্থ হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ওই মাসেই অস্ত্রোপচার করে টিউমার অপসারণ করা হয়। পরবর্তী চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তানিয়া। সেখানে আরও একটি অস্ত্রোপচার করা হয় তার। চিকিৎসা শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন তিনি।
এরপর থেকেই বিশ্রাম ও চিকিৎসার মধ্যে রয়েছেন অভিনেত্রী। সম্প্রতি নিজের শারীরিক অবস্থার বিষয়ে তানিয়া জানিয়েছেন, অসুস্থ ছিলেন, তবে এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছেন। বর্তমানে তার কেমোথেরাপি চলছে।
তানিয়ার ভাষ্য অনুযায়ী, ছয় মাসের কেমোথেরাপির মধ্যে তিন মাস ইতোমধ্যে শেষ হয়েছে এবং এখন চতুর্থ মাসের চিকিৎসা চলছে। আরও দুই মাস কেমোথেরাপি নেওয়ার পর কয়েকটি পরীক্ষা করা হবে। এরপর পরীক্ষার ফলাফল দেখে চিকিৎসকেরা পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
চিকিৎসকদের পরামর্শে এখনো তাকে বাসায় থেকেই বিশ্রাম ও চিকিৎসা নিতে হচ্ছে। এর মধ্যেই প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটানো এবং নিজের অনুভূতি ভাগ করে নেওয়ার মাধ্যমে ধীরে ধীরে স্বাভাবিক জীবনের দিকে ফিরছেন তানিয়া বৃষ্টি।


