
খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) কাজী মো. সাবিরুল আলমসহ আটজনের বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুদকের জনসংযোগ দপ্তর এ তথ্য জানায়।
মামলার অন্য আসামিরা হলেন আতাউর রহমান খান লিমিটেডের চেয়ারম্যান ও প্রকল্পের লিড পার্টনার মো. আতাউর রহমান, ঠিকাদারি প্রতিষ্ঠান মাহাবুব ব্রাদার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহাবুব রহমান, কেডিএর সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামীম জেহাদ, নির্বাহী প্রকৌশলী মো. আরমান হোসেন, নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মুনতাসির মামুন, সহকারী প্রকৌশলী বাসুদেব কুমার বিশ্বাস এবং উপসহকারী প্রকৌশলী শরীফ ওয়াহিদুজ্জামান।
দুদকের অভিযোগ, প্রকল্পের আওতায় স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মাহাবুব ব্রাদার্স লিমিটেডকে কার্যাদেশ দেওয়া হলেও পরিকল্পনা অনুযায়ী সড়ক নির্মাণ করা হয়নি। এতে সরকারের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।
সম্প্রতি একনেকের সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কটির নির্মাণকাজে দীর্ঘ ১৩ বছরের বিলম্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে এ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


