
ইরান যুদ্ধ থামাতে একসঙ্গে বসতে যাচ্ছে চার মুসলিম দেশ। রোববার পাকিস্তানের উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সৌদি আরব, তুরস্ক, মিসর ও পাকিস্তান অংশ নেওয়ার কথা রয়েছে। শনিবার (২৮ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের মধ্যে আঞ্চলিক উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার পাকিস্তানের উদ্যোগে দেশগুলোর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজন করতে যাচ্ছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দুই দিনের এই বৈঠকে আঞ্চলিক উত্তেজনা কমানোর উপায়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, এই বৈঠকের লক্ষ্য হবে এমন একটি কার্যকর প্রক্রিয়া তৈরি করা, যা সংঘাত প্রশমনে সহায়ক হবে। তিনি বলেন, যুদ্ধের পরিস্থিতি কোথায় যাচ্ছে, চার দেশ কীভাবে বিষয়টি মূল্যায়ন করছে এবং কী পদক্ষেপ নেওয়া যেতে পারে এসব নিয়েই আলোচনা হবে।


