
যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ মেটাতে ইরান এখনও আগ্রহী। তবে আলোচনায় ফিরতে হলে আগে পারস্পরিক আস্থা পুনরুদ্ধার করতে হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দুই পক্ষের মধ্যে হওয়া লিখিত প্রতিশ্রুতিগুলো মেনে চলতে হবে। পাশাপাশি ইরান সরকারের পতন ঘটানোর কোনো পরিকল্পনা নেই—যুক্তরাষ্ট্রকে সেটিও স্পষ্ট করতে হবে।
পেজেশকিয়ান অভিযোগ করেন, আলোচনার সময়ই ইরানের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই বিরোধের সমাধান চায়, তাহলে ইরানের বিজ্ঞানী, কর্মকর্তা ও সাধারণ মানুষের ওপর হামলা বন্ধ করতে হবে।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, নিষেধাজ্ঞা, হুমকি ও সামরিক হামলা অব্যাহত থাকলে ওয়াশিংটনের ওপর আস্থা রাখা কঠিন। তবে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির সুযোগ এখনও রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
পেজেশকিয়ানের ভাষ্য, ইসরায়েলকে সহযোগিতা বন্ধ, বেসামরিক মানুষ ও অবকাঠামোয় হামলা বন্ধ এবং ন্যায়সঙ্গত ভূমিকা নিলেই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে মতপার্থক্যসহ বিভিন্ন ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা বর্তমানে অচলাবস্থায় রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি


