
বাগেরহাটে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরির খবরটি সত্য নয় বলে জানিয়েছেন জেলা পুলিশ। বুধবার (১৮ মার্চ) বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার (১৭ মার্চ) বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে ‘আইজিপির বাসভবনে চুরির ঘটনা সংঘটিত হয়েছে’ বলে উল্লেখ করা হয়। সংবাদটি আমাদের নজরে এসেছে। প্রকৃতপক্ষে আইজিপির বাসভবনে কোনো ধরণের চুরির ঘটনা ঘটেনি।
প্রকৃত ঘটনা হল, গত ১৬ মার্চ আনুমানিক রাত ১১টার দিকে ঝড়-বৃষ্টির কারণে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হলে রাস্তার দিকে বাসার বাইরের ওয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই তারগুলো নিয়ে যায়।
বিষয়টি থানা পুলিশের নজরে আসার পর অভিযান পরিচালনা করে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয় এবং এ ঘটনার সাথে জড়িত তিনজন গ্রেপ্তার করা হয়েছে। তাই এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে বাগেরহাট জেলা পুলিশ।


