
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিগত স্বার্থের সংঘাত ও অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা থাকলেও তা যেন শিক্ষার পরিবেশ, পাঠদান ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত না করে।
শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে এ সম্মিলনের প্রতিপাদ্য ছিল ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।
প্রধানমন্ত্রী বলেন, একজন অধ্যক্ষ শুধু প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন; তিনি নেতৃত্ব, নৈতিক দিকনির্দেশনা ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠান পরিচালনায় তাঁদের কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, ১৯৯২ সালের ২১ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার। তবে প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা উন্নত হয়েছে, তা নিয়ে আত্মসমালোচনা প্রয়োজন।
শিক্ষাব্যবস্থাকে আধুনিক, মানসম্মত ও সময়োপযোগী করতে শিক্ষক প্রশিক্ষণ, গবেষণাভিত্তিক পাঠদান এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা চালুর ওপর গুরুত্ব দেন তারেক রহমান। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, বিগ ডেটা ও অটোমেশনের মতো প্রযুক্তি কর্মজগতে পরিবর্তন আনছে। তাই শিক্ষার্থীদের ব্যবহারিক ও কারিগরি দক্ষতা বাড়াতে হবে।
শিক্ষার সঙ্গে শিল্প খাতের সমন্বয়ের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, শিল্পপ্রতিষ্ঠানে হাতে-কলমে প্রশিক্ষণ এবং কর্মদক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে হবে। পাশাপাশি প্রযুক্তিগত শিক্ষার সঙ্গে সাহিত্য, দর্শন, ইতিহাস ও সংস্কৃতিচর্চার সমন্বয় ঘটিয়ে মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশের সুযোগ তৈরি করতে হবে।
ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফরাসি ও জার্মান ভাষা শেখার সুযোগ বাড়ানো, ক্যারিয়ার কাউন্সেলিং এবং উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি।
শিক্ষক সংকট নিরসন, শূন্য পদ পূরণ এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, এনটিআরসিএ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়কে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপন, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা ও বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের কথা বলেন তিনি। আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পাশে দাঁড়াতেও কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সভাপতিত্ব করেন তিনিই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ এসব প্রতিষ্ঠানের।


