সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রাণিসম্পদ খাত থেকে ছয় মাসে রপ্তানি আয় ১০৪ লাখ ডলারের বেশি: প্রধানমন্ত্রী | চ্যানেল খুলনা

প্রাণিসম্পদ খাত থেকে ছয় মাসে রপ্তানি আয় ১০৪ লাখ ডলারের বেশি: প্রধানমন্ত্রী

দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাত ধীরে ধীরে রপ্তানিমুখী শিল্পে পরিণত হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ খাতের বিকাশে সরকার নীতিগত ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পোলট্রি খাতে ইতিমধ্যে বিপুলসংখ্যক উদ্যোক্তা তৈরি হয়েছেন। এ খাতের সঙ্গে প্রায় ৬০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত, যাঁদের ৪০ শতাংশ নারী। পোলট্রি খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।

তারেক রহমান জানান, চলতি অর্থবছরে স্থিরমূল্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। এ খাতে উৎপাদন প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। আর কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।

তিনি বলেন, সরকার আত্মনির্ভরশীল ও মেধাসম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে কাজ করছে। এ জন্য প্রাণিজ আমিষের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা জরুরি। বর্তমানে দেশের মানুষের প্রাণিজ আমিষ গ্রহণের ৬৫ শতাংশ দুধ, মাংস ও ডিম থেকে আসে। প্রাণিজ আমিষ উৎপাদন শুধু খাদ্যনিরাপত্তার বিষয় নয়, এর সঙ্গে অর্থনৈতিক স্বাবলম্বিতার বিষয়ও জড়িত।

প্রধানমন্ত্রী বলেন, গ্রামীণ অর্থনীতিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাত মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অর্থনীতিকে স্বনির্ভর করার ক্ষেত্রেও অবদান রাখছে।

চলতি অর্থবছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ খাত থেকে ১০৪ লাখ মার্কিন ডলারের বেশি রপ্তানি আয় হয়েছে বলে জানান তিনি। এ সাফল্যের জন্য দেশের খামারি, বিশেষ করে নারী খামারিদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

প্রাণিসম্পদ খাতের উন্নয়নের অন্যতম বাধা রোগবালাই উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে পশুচিকিৎসায় ব্যবহারের জন্য ইতিমধ্যে ১৭ ধরনের টিকা উৎপাদিত হচ্ছে। তবে এই উৎপাদন পর্যাপ্ত নয়। এ কারণে সরকার আধুনিক টিকা উৎপাদনকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা আরও বাড়ানো সম্ভব। আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, গবেষণা ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ বাস্তবায়িত হলে প্রাণিসম্পদ খাতে দেশের স্বনির্ভরতা বাড়বে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হবে।

প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ‘হ্যাচিং এগ’ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানিতেও বাংলাদেশ সক্ষম হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নতুন নতুন রপ্তানি বাজার সম্প্রসারণের পাশাপাশি বিদেশে প্রাণিজ পণ্যের বাজার খুঁজে বের করতে হবে।

প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, অনেকেই অকারণে বিভিন্ন প্রাণীকে নির্যাতন ও কষ্ট দিয়ে থাকেন। অথচ এসব প্রাণীও আল্লাহর সৃষ্টি। মানুষের উপকার ও প্রয়োজনের কথা বিবেচনা করেই পৃথিবীতে বিভিন্ন প্রাণীর সৃষ্টি হয়েছে। তাই কোনো প্রাণীর ক্ষতি করা বা তাদের কষ্ট দেওয়া উচিত নয়।

পরিবারের শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই প্রাণীর প্রতি সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দেওয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, আশপাশের প্রাণীর যত্ন নিতে না পারলেও অন্তত তাদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। সম্ভব হলে খাবার ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতেও সহযোগিতা করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রাণীর প্রতি মমত্ববোধ তৈরি করা গেলে এমন একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, যেখানে মানুষ ও অন্যান্য প্রাণী নিরাপদে প্রকৃতির সঙ্গে সহাবস্থান করবে।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেলায় রয়েছে ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বর্ণ ও রৌপ্য পদক দেন প্রধানমন্ত্রী।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রধানমন্ত্রী কর্নার আরও সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের

বাংলাদেশকে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়তে চাই: তারেক রহমান

সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশি বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট যাবে মহাকাশে: তারেক রহমান

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।