
খুলনা নগরীর টুটপাড়া এলাকা থেকে ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি ও মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে সেজান নামে একজনকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টুটপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্য দুজন হলেন একই এলাকার সত্তার ও নয়ন।
পুলিশ জানায়, খুলনা সদর থানা পুলিশের অভিযানে তিনজনকে আটকের পর তাঁদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, শটগানের চারটি গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
খুলনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, গ্রেপ্তার সেজান খুলনার একটি শীর্ষ সন্ত্রাসী বাহিনীর প্রধানের ঘনিষ্ঠ সহযোগী। তাঁর বিরুদ্ধে থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


