
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণের বেদিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে অভিবাদন জানায়। প্রচলিত রীতি অনুযায়ী বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে শিখা অনির্বাণ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন তিনি।
রাষ্ট্রপতি সেখানে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান তিন বাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমানও শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীও দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করেন। স্বাধীনতার পর থেকে ঐতিহাসিক দিনটি প্রতিবছর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়।
দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।


