সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ | চ্যানেল খুলনা

খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

গোপালগঞ্জে সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের আশঙ্কা এবং নড়াইলের কালনা সেতুতে সংঘর্ষ ও অবরোধের খবর ছড়িয়ে পড়ায় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে বাস চলাচল বন্ধ রাখেন পরিবহন মালিক ও শ্রমিকেরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালেও পদ্মা সেতু হয়ে এই তিন জেলা থেকে ঢাকাগামী কোনো বাস চলাচল করেনি। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। তবে খুলনা ও সাতক্ষীরা থেকে বিকল্প পথে সীমিতসংখ্যক বাস চলাচল করছে।

খুলনায় অধিকাংশ কাউন্টার বন্ধ

বুধবার সন্ধ্যায় খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ফাল্গুনী, সৌদিয়া, ইমাদ ও টুঙ্গিপাড়া এক্সপ্রেসের কাউন্টার বন্ধ রয়েছে। গ্রিন লাইন ও ঈগল পরিবহনের কাউন্টার খোলা থাকলেও বাস ছাড়েনি। এনা পরিবহনের কাউন্টার খোলা থাকলেও টিকিট বিক্রি বন্ধ ছিল।

ঢাকাগামী কয়েকজন যাত্রী বলেন, জরুরি প্রয়োজনে তাঁদের ঢাকায় পৌঁছানো প্রয়োজন। কিন্তু বাস চলাচল বন্ধ থাকায় তাঁরা বিপাকে পড়েছেন।

অন্যদিকে রয়্যাল পরিবহনের একটি বাস আরিচা হয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। বাসটির এক কর্মী জানান, যাত্রীদের প্রয়োজন বিবেচনায় ঝুঁকি নিয়েই বিকল্প পথে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

সাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ

সাতক্ষীরা থেকেও পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার দুপুরের পর শহরের সঙ্গীতা মোড় ও পাটকেলঘাটা এলাকার কাউন্টারগুলোতে ঢাকাগামী বাসের টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়। রাত সাড়ে ১১টা পর্যন্ত কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।

তবে যাত্রীদের দুর্ভোগ কমাতে যশোর হয়ে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট ব্যবহার করে সীমিতসংখ্যক বাস চলাচল করছে। বৃহস্পতিবার সকালে হানিফ ও সোহাগ পরিবহনের দুটি বাস বিকল্প পথে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ পথে চলাচল করায় যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগছে।

বাগেরহাটে দূরপাল্লার বাস বন্ধ, বিভিন্ন স্থানে আগুন

নিরাপত্তাজনিত কারণে বাগেরহাট থেকেও দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে খুলনা-বাগেরহাট, বাগেরহাট-পিরোজপুর ও বাগেরহাট-শরণখোলা রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ফকির।

এদিকে বুধবার রাতে বাগেরহাটে একাধিক অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে শহরের হাড়িখালী এলাকায় জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক দুলাল আকনের বাড়ি পুড়ে গেছে। একই রাতে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়।

এ ছাড়া ফকিরহাট উপজেলায় মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজা শথিলের বাড়ি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। মোড়েলগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় একটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, জেলায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি পুরো জেলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা রেঞ্জে সাত দিনে গ্রেপ্তার ১ হাজার ৪৩৪ জন

শিববাড়ি মোড়ে বিএনপির ব্যানারে আগুন দিয়ে পালাল দুই যুবক

খুলনায় মহান বিজয় দিবস উদযাপনে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ

খুলনায় নাশকতার পরিকল্পনার অভিযোগে তিন যুবক আটক

খুলনা জেলা জজ আদালতের নিচতলায় ককটেল নিক্ষেপ, বিস্ফোরিত হয়নি

খুলনা থেকে ঢাকাগামী অধিকাংশ বাস বন্ধ, কাউন্টার থেকে মুছল ‘টুঙ্গিপাড়া’ নাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।