খুলনা রেঞ্জের ১০ জেলায় পুলিশের বিশেষ অভিযানে গত সাত দিনে ১ হাজার ৪৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও সহযোগী হিসেবে ৪৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) খুলনা রেঞ্জ পুলিশের প্রেস ও মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতা ও সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে গত ১১ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত রেঞ্জের ১০ জেলার বিভিন্ন স্থানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে যশোর জেলায়, ২৬৮ জন। এ ছাড়া ঝিনাইদহে ২২৬, খুলনায় ২০৪, সাতক্ষীরায় ১৩৬, কুষ্টিয়ায় ১৩৩, বাগেরহাটে ১১৫, চুয়াডাঙ্গায় ১০৯, মাগুরায় ৯৫, নড়াইলে ৭৯ এবং মেহেরপুরে ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দায়ের করা মামলা, সুনির্দিষ্ট অভিযোগ এবং প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জনমনে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরিয়ে আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


