
সাতক্ষীরার তালায় গ্রাহকদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি তেল দেওয়ার অভিযোগে মিলিনিয়াম ইউরিকা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তেল সরবরাহের পরিমাপ সঠিক না হওয়া পর্যন্ত স্টেশনটির সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার বিকেলে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে ফিলিং স্টেশনটিতে অভিযান চালানো হয়। এ সময় বিএসটিআই খুলনার পরীক্ষক মো. রহিজ আহম্মেদ উপস্থিত ছিলেন।
ইউএনও জান্নাতুল আফরোজ স্বর্ণা জানান, গ্রাহকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল দেওয়ার অভিযোগ আসছিল। এর ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, যে মেশিনে তেল কম দেওয়ার ঘটনা ঘটছিল, সেটির পরিমাপ সঠিক না হওয়া পর্যন্ত ফিলিং স্টেশনটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


