
খুলনার ফুলবাড়িগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে শহীদ মিনার রোডে এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেলের কিছু অংশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনার শিববাড়ি মোড়ে ১১ দলীয় ঐক্যজোটের পথসভা শেষে নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে ফুলতলার উদ্দেশে রওনা হন। গাড়িবহর ফুলবাড়িগেট এলাকায় পৌঁছানোর প্রায় আধা ঘণ্টা আগে বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলের অংশবিশেষ উদ্ধার করে।
ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ফুলবাড়িগেট শহীদ মিনার রোডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।


