
খুলনার চানমারি শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ ‘আশিক গ্রুপের’ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)।
বুধবার (২৯ অক্টোবর) ভোর ৩টা ৩৫ মিনিটে খুলনা সদর থানার আহমাদিয়া মাদ্রাসা রোড ও চানমারি শিপইয়ার্ড এলাকায় এ অভিযান চালানো হয়। পরে এসআরবি-৬-এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনা সদর থানার চানমারি বাজার এলাকার সওগাতুল আলম ছগীরের ছেলে ছাহিল মাহমুদ (২৫) এবং লবণচরা থানার মোহাম্মদিয়া পাড়া এলাকার বারেক হাওলাদারের ছেলে শাহাদাত হোসেন শুভ (২৩)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


