
খুলনা নগরীর একটি চাইনিজ রেস্তোরাঁয় ঢুকে ভাঙচুর চালিয়েছে একদল কিশোর। বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর আহসান আহমেদ রোডে অবস্থিত চাইনিজ প্যালেসে এ ঘটনা ঘটে। হামলাকারীরা রেস্তোরাঁটির তিনটি চেয়ার ও একটি পানির গ্লাস ভেঙে ফেলে। এ সময় সেখানে থাকা ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রেস্তোরাঁর কর্মীদের ভাষ্য, একদল কিশোর হঠাৎ ভেতরে ঢুকে গালিগালাজ শুরু করে। এর কারণ জানতে চাইলে তারা চেয়ার তুলে হামলার চেষ্টা করে এবং আসবাব ভাঙচুর করে। তবে হামলাকারীরা রেস্তোরাঁয় খাবার খায়নি কিংবা কোনো চাঁদাও দাবি করেনি। ভাঙচুরের পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়া নুর আজিমের সহযোগী ফাকাব্বির রেস্তোরাঁটির ম্যানেজারকে ফোন করেছিলেন। তবে ম্যানেজার ফোনটি ধরতে পারেননি। এর জেরেই ফাকাব্বিরের সহযোগীরা রেস্তোরাঁয় হামলা চালিয়ে থাকতে পারে বলে সূত্রগুলো জানিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, পুলিশ রেস্তোরাঁটি পরিদর্শন করেছে এবং সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
এর আগে গত ২৪ অক্টোবর রাতে এবং ২৫ অক্টোবর পৃথক দুটি স্থানে অবস্থিত সন্ধানী ক্লিনিকের সামনে ফাঁকা গুলি ছোড়া এবং ক্লিনিকের ভেতরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।


