
খুলনার ডুমুরিয়ায় রোগাক্রান্ত ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বাজারজাত করার দায়ে আনিচুর রহমান পলাশ নামে এক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় উদ্ধার করা বিপুল পরিমাণ ঘোড়ার মাংস মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা এ দণ্ডাদেশ দেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে স্পেশাল রেসপন্স বাহিনীর (এসআরবি-৬) একটি দল ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের দুর্গম এলাকায় অভিযান চালায়।
সেখানে ‘সাউথ বেঙ্গল ক্যাটল’ নামের একটি কথিত খামারের টিনশেড ঘরে তল্লাশি চালিয়ে তিনটি জবাই করা ঘোড়ার মাংস এবং পলিথিনে মোড়ানো বিপুল পরিমাণ মাংস উদ্ধার করা হয়। এ ছাড়া জবাইয়ের অপেক্ষায় থাকা একটি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আটক করা হয় আনিচুর রহমান পলাশকে।
পরে শনিবার ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। উদ্ধার করা মাংস মাটিতে পুঁতে নষ্ট করা হয়।l


