
গত ১৭ বছরে পুলিশের কর্মকাণ্ডের কারণে জনগণের সঙ্গে বাহিনীটির দূরত্ব তৈরি হয়েছিল বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা এবং শান্তি প্রতিষ্ঠায় বাহিনীকে আরও কার্যকর করাই তাঁর উদ্যোগের অন্যতম লক্ষ্য।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) লাইন্সে কমিউনিটি পুলিশিংবিষয়ক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে যৌথ অভিযান চলছে। পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে আইনি কাঠামোর মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে এ বিষয়ে উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে। এখন থেকে পুলিশের একটি শাখা হিসেবে কমিউনিটি পুলিশিং কার্যক্রম পরিচালিত হবে।
৫ আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই সময় অনেক জায়গায় পুলিশি কার্যক্রম ব্যাহত হয়েছিল এবং সন্ত্রাসী কর্মকাণ্ড দেখা দিয়েছিল। বর্তমানে বিভিন্ন এলাকায় পুলিশ কার্যক্রম পরিচালনা করছে বলেও উল্লেখ করেন তিনি।
আইজিপি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। বেকারত্বসহ নানা সামাজিক সমস্যা রয়েছে। এসব সমস্যার সমাধান রাতারাতি সম্ভব নয়। তবে পরিস্থিতির উন্নতি হয়েছে বলে তিনি মনে করেন।
পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে আলী হোসেন ফকির বলেন, তাঁরা মানবিক ও জনবান্ধব পুলিশ গড়ে তুলতে চান। তবে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পরও কেউ কেউ একই ধরনের অপরাধে জড়াচ্ছে।
এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কীভাবে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে নীতিগত পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান আইজিপি।


