
মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক জোটের অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার প্রেক্ষাপটে চার দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে ইরাক সরকার। এ উপলক্ষে ‘ইরাকি সার্বভৌমত্ব দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিসভা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে শনিবার (৩ অক্টোবর) পর্যন্ত দেশের সব সরকারি প্রতিষ্ঠানে ছুটি থাকবে বলে ইরাকি নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি ‘ইরাকি সার্বভৌমত্ব দিবস’ উপলক্ষে নেওয়া কর্মসূচির প্রস্তুতি পর্যালোচনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি সংস্থা ও প্রাদেশিক কর্তৃপক্ষকে সরকারি মিডিয়া সেলের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়।
রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের জন্য প্রাণ উৎসর্গকারী শহীদ ও বিভিন্ন ঘটনায় ক্ষতিগ্রস্তদের স্মরণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। পাশাপাশি জাতীয় মর্যাদার প্রতীক হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ইরাকের মানচিত্র অথবা জাতীয় পতাকার রঙসংবলিত বিশেষ ব্যাজ পরার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ইরাকের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের কার্যালয়ের প্রধান আব্দুল আমির আল-শাম্মারি বলেছেন, চুক্তি অনুযায়ী ৩০ সেপ্টেম্বরের মধ্যেই মার্কিন বাহিনী তাদের প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করছে।
তিনি জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘ভিক্টোরিয়া বেস’ ইতোমধ্যে মার্কিন সেনামুক্ত করা হয়েছে। ভবিষ্যতে ঘাঁটিটি বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ের জন্য একটি আন্তর্জাতিক কেন্দ্রে রূপান্তর করা হবে।


