
মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার শ্রেষ্ঠ আদর্শ। তাঁর জীবন ছিল সত্য, ন্যায়, সততা, সহমর্মিতা ও মানবিকতার অনন্য উদাহরণ। মহানবীর আদর্শ অনুসরণ করে ব্যক্তি ও সমাজজীবনে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
সোমবার দুপুরে নগরীর বয়রা মাধ্যমিক বিদ্যালয় অডিটরিয়ামে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।
কেসিসি প্রশাসক বলেন, মহান আল্লাহ মানুষের কল্যাণের পথ দেখানোর উদ্দেশ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে পাঠিয়েছেন। তাঁর জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবন গড়ে তুলতে হবে।
বিশেষ করে মহানবী (সা.)-এর জীবনাদর্শ সম্পর্কে জ্ঞানার্জন এবং সেই আলোকে নিজেদের জীবন গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, এতদাঞ্চলে শিক্ষার প্রসার এবং সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বয়রা মাধ্যমিক বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ডেঙ্গুমুক্ত শহর গড়ে তুলতে শিক্ষক ও শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখারও আহ্বান জানান তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ আবুল হাছানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান ও বয়রা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আলিমুজ্জামান।
অনুষ্ঠানে সমাজসেবক জাহিদুল ইসলাম খোকন, মো. সাইফুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা হামদ-নাত ও ক্বিরাত পরিবেশন করে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কেসিসি প্রশাসক।


