
শিশু ও কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রে ৫২ জন অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতায় পৌঁছেছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা।
সমঝোতা অনুযায়ী, আগামী ১০ বছর ধরে অর্থ পরিশোধের পাশাপাশি শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন বিধিনিষেধ চালু করবে মেটা। এর মধ্যে রয়েছে দৈনিক সর্বোচ্চ দুই ঘণ্টা ব্যবহারের সীমা এবং প্রতি ১৫ মিনিট পরপর বিরতির বার্তা দেখানো।
অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্ট রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে। স্কুল চলাকালে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বন্ধ থাকবে বিজ্ঞপ্তিও। কিশোরদের পোস্টে লাইক সংখ্যাও ডিফল্টভাবে দেখানো হবে না।
তবে এসব ব্যবস্থা কার্যকর করতে বয়স যাচাই প্রযুক্তিই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মুখমণ্ডল, পরিচয়পত্র কিংবা ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণের মাধ্যমে বয়স শনাক্ত করা হলেও এসব পদ্ধতিতে ভুলের আশঙ্কা রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তাও রক্ষা করতে হবে। বিশেষ করে মুখমণ্ডল ও পরিচয়পত্রের মতো সংবেদনশীল তথ্য ব্যবহারে তথ্য ফাঁস ও পরিচয় চুরির ঝুঁকি রয়েছে।
মেটা অবশ্য কোনো আইন ভঙ্গের কথা স্বীকার করেনি। সমঝোতার পর প্রতিষ্ঠানটি টিকটক ও ইউটিউবকেও শিশুদের নিরাপত্তায় একই ধরনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।


