
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে—এমন যেকোনো উন্নয়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানতে চান এক সাংবাদিক। এ সময় তিনি বাংলাদেশের উপ-পররাষ্ট্রসচিব হুমায়ুন কবির ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দেওয়া বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন।
জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ যদি ভবিষ্যতে ওই চুক্তিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়, সেটি সম্পূর্ণভাবে বাংলাদেশের নিজস্ব বিষয়। এতে অন্য কোনো দেশের অস্বস্তির কারণ থাকা উচিত নয়।
তবে তিনি বলেন, ভারতের নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে—এমন সব আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দেশের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সময়ে স্বাক্ষরিত এই প্রতিরক্ষা চুক্তি নিয়ে আঞ্চলিক রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে চুক্তি বিষয়ে বাংলাদেশের অবস্থান নিয়েও আগ্রহ তৈরি হয়েছে বিভিন্ন মহলে।


