
ইরান যুদ্ধের সময় কূটনৈতিক মধ্যস্থতায় ভূমিকার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা স্থিতিশীলতা তহবিল (এক্সচেঞ্জ স্ট্যাবিলাইজেশন ফ্যাসিলিটি) চেয়েছে পাকিস্তান। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, পাঁচ বছরের জন্য এই তহবিল অনুমোদন হলে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে, রুপির ওপর চাপ কমবে এবং আইএমএফের ঋণের ওপর নির্ভরতা কিছুটা হ্রাস পাবে।
সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে বৈঠকে পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব বৈদেশিক মুদ্রার রিজার্ভ জোরদার ও আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশাধিকারের বিষয়ে সহযোগিতা চান। যদিও ১০ বিলিয়ন ডলারের তহবিলের বিষয়টি সরকারি বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
বর্তমানে পাকিস্তান আইএমএফের ৭ বিলিয়ন ডলারের কর্মসূচির আওতায় রয়েছে। পাশাপাশি দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখনো চীন, সৌদি আরবসহ বিভিন্ন দেশের সহায়তা ও ঋণের ওপর নির্ভরশীল।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র এই সহায়তা অনুমোদন করলে তা শুধু পাকিস্তানের অর্থনীতিকে শক্তিশালী করবে না, বরং দুই দেশের সম্পর্কেও নতুন মাত্রা যোগ করবে।


