
মাগুরার শালিখা উপজেলার বিভিন্ন মাঠের জলাশয়, ফটকি নদীর অববাহিকা এবং রারগঙ্গা খালের মুখে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ও নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন। ২২ জুলাই দিনব্যাপী পরিচালিত এ অভিযানে মোট ৫২টি চায়না দোয়ারি জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। পরবর্তীতে জব্দকৃত এই ক্ষতিকারক জালগুলো আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ও স্থানীয় প্রশাসনের সহায়তায় মূলত ডিমওয়ালা মা মাছ রক্ষা এবং মাছের স্বাভাবিক বংশ বিস্তার নিশ্চিত করতেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান ও জাল ধ্বংসের সময় উপস্থিত ছিলেন: শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী,উপজেলা মৎস্য কর্মকর্তা ওমরছানি,এএসআই সুজন শেখ, উপজেলা জাসাস নেতা হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাব শালিখার সহ-সভাপতি তারিকুল ইসলাম, প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক নওয়াব আলী, সমাজ কল্যাণ সবুজ সংঘের নির্বাহী পরিচালক এ আলী খাঁন, সাংবাদিক সুবির কুমার ঘোষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্ধার কাজে অংশ নেওয়া কর্মী দেবাশীষ জানান, দেশীয় মাছের প্রজনন ও বংশ বিস্তারের স্বার্থে এই অবৈধ জাল উদ্ধার করা অত্যন্ত জরুরি ছিল। এটি একটি চলমান প্রক্রিয়া এবং মাছের ক্ষতি করে এমন কোনো অবৈধ জালের ব্যাপারে প্রশাসন কোনো ছাড় দেবে না। একই সাথে তিনি স্থানীয় জেলে ও সর্বসাধারণকে এ ধরনের ক্ষতিকারক জাল ব্যবহার না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।


