
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, ‘আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) সর্বপ্রথম বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন| তার ধারাবাহিকতায় আমরা আজ অব্দি এ কর্মসূচি পালন করে যাচ্ছি|’
তিনি আরো বলেন, ‘গাছ মানুষের পরম বন্ধু| গাছ আমাদের জীবন বাঁচায়| গাছ থেকে আমরা অক্সিজেন পাই| এছাড়া গাছ থেকে আমরা বিভিন্নভাবে উপকৃত হই| গাছ মানবদেহ থেকে নির্গত কার্বনডাইঅক্সাইড গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে|’ বুধবার (২২ জুলাই) সকালে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর ১৯ নং ওয়ার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন|
১৯নং ওয়ার্ড আমীর আবুল কালাম আযাদের সভাপতিত্বে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা শাহারুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহীদুল ইসলাম, সেক্রেটারি মো. জাহিদুর রহমান নাঈম, ২০নং ওয়ার্ড আমীর ডা. আবুল খায়ের, ১৯নং ওয়ার্ড সেক্রেটারি জয়নুদ্দিন হীরা, ১৯নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি হাসিব বিল্লাহ, ১৯নং ওয়ার্ড অফিস সম্পাদক ডা. জিহাদ, হীরা, আব্দুল কাদের, শামিম, আহমেদ আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন| বয়স্ক থেকে শুরু করে শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়| সোনাডাঙ্গায় এ কর্মসূচিকে ঘিরে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়| বিশেষ করে শিশু-কিশোররা গাছের চারা পেয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করে| তিনি বলেন আসুন, আমরা সবাই বেশি বেশি গাছ লাগাই, পরিবেশ রক্ষা করি এবং একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য খুলনা গড়ে তুলতে একসঙ্গে কাজ করি|
গাছ লাগানোকে হাদিসের ভাষায় উত্তম ইবাদত বলা হয়েছে জানিয়ে মহানগরী আমীর বলেন, ‘একে সদকায়ে জারিয়া বলা হয়েছে|’ তিনি বলেন, ‘মহানবী (সা.) বলেছেন- যখন কোনো মুসলমান একটি ফলবান বৃক্ষর চারা রোপণ করে, আর এতে ফল আসার পর সে নিজে অথবা অন্য কোনো মানুষ তা থেকে যা খায়, তা তার জন্য সদকা, যা চুরি হয়, যা কিছু গৃহপালিত পশু এবং অন্য পাখপাখালি খাবে, এ সবই তার জন্য সদকা|’ তিনি আরো বলেন, ‘গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে প্রিয়নবী সা: বলেছেন- তুমি যদি নিশ্চিতভাবে জানতে পার যে, কিয়ামত এসে গেছে, আর তোমার হাতে একটি গাছের চারা আছে, তার পরও তা লাগিয়ে দাও|’


