
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার রক্তক্ষয়ী সামরিক সংঘাত এবার আরও ভয়ানক মোড় নিয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের একমাত্র বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিক পাশে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দেশটির দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের উপ-গভর্নর এহসান জাহানিয়ানের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।
পারমাণবিক কেন্দ্রের এত কাছাকাছি মার্কিন বিমান হামলার এই ঘটনা মধ্যপ্রাচ্য জুড়ে পারমাণবিক বিপর্যয়ের আতঙ্ক ও বৈশ্বিক উদ্বেগ তৈরি করেছে।
বুশেহর প্রদেশের উপ-গভর্নর এহসান জাহানিয়ান স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, আজ বৃহস্পতিবার বুশেহর প্রদেশের বেশ কয়েকটি এলাকাকে লক্ষ্যবস্তু বানিয়ে মার্কিন বাহিনী এই বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করে। এর মধ্যে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চারপাশের নিরাপত্তা বেষ্টনী ছাড়াও চোগাদাক শহরের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং প্রদেশের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি মাছ ধরার জেটি রয়েছে। তবে আশার কথা হলো, পারমাণবিক কেন্দ্রের এত কাছে এই ভয়াবহ হামলা হলেও এখন পর্যন্ত কোনো ধরনের তেজস্ক্রিয়তা ছড়ানো বা হতাহতের সুনির্দিষ্ট খবর পাওয়া যায়নি।
এই হামলার ঠিক আগ মুহূর্তে বুশেহর পারমাণবিক কেন্দ্র থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত চোগাদাক শহরের সাধারণ বাসিন্দারা একের পর এক বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠেন। তাঁরা আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান।


