সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সময় চাহিয়া লজ্জা দিবেন না-বাজেট আলোচনায় স্পিকার | চ্যানেল খুলনা

সময় চাহিয়া লজ্জা দিবেন না-বাজেট আলোচনায় স্পিকার

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করার নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বাজেট আলোচনায় বাড়তি সময় চেয়ে কয়েকজন সংসদ সদস্য অনুরোধ জানালেও তাতে সাড়া দেননি তিনি। সদস্যদের উদ্দেশে বলেন, ‘সময় চাহিয়া লজ্জা দিবেন না।’

শনিবার (২৭ জুন) সংসদে বাজেট আলোচনার শুরুতে স্পিকার বলেন, বাজেট নিয়ে আলোচনা করার জন্য হাতে সময় কম। আজ ও আগামীকাল দুই দিন বাজেট আলোচনা চলবে। এরপর সংসদের অন্যান্য কার্যক্রম নেওয়া হবে। তাই সরকারি ও বিরোধী দলের হুইপরা যে সময় নির্ধারণ করে দিয়েছেন, সেই সময়ের মধ্যেই বক্তব্য শেষ করতে হবে।

সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আজকে যে সময়টি আপনাদের সরকারি দল এবং বিরোধী দলের হুইপ নির্ধারণ করে দিয়েছেন, সেই সময়টি আমি আহ্বান জানাবার সময় জানিয়ে দেব। এরপর আর সময় বাড়ানো হবে না।’

স্পিকার বলেন, ‘সুতরাং আপনারা ঘড়ির দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন এবং এমনভাবে কনক্লুড করবেন, যাতে অসমাপ্ত বক্তৃতা দিয়ে আপনাকে বসে যেতে না হয়।’

সময় বাড়ানোর অনুরোধ না করতে সদস্যদের সতর্ক করে তিনি বলেন, ‘বাজেট অধিবেশনের সাফল্যজনক সমাপ্তির জন্য আমাদের বাধ্য হয়ে আপনাদের সময় স্টিক করতে হচ্ছে। সুতরাং আবারও বলছি, আপনারা অনুরোধ করে বিব্রত করবেন না। যে সময় দেওয়া হবে, ওই সময়ের মধ্যে দয়া করে বক্তব্য শেষ করবেন।’

এর আগে অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর নিয়ে ধন্যবাদ প্রস্তাবের আলোচনা হয়। ওই আলোচনাতেও সময় বেঁধে দেন স্পিকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য দিতে চাইলে তিনি বলেন, পাঁচ মিনিটের মধ্যে বক্তব্য শেষ করলে বাজেট আলোচনায় ফেরা যাবে।

স্পিকার বলেন, ‘আমার মনে হয় যে পাঁচ মিনিট করে যদি পাঁচ মিনিটের মধ্যে আপনারা বক্তব্য শেষ করেন, তাহলে বাজেটের আলোচনায় আমরা ফিরে যেতে পারি।’

ধন্যবাদ প্রস্তাব পাসের পর বাজেট আলোচনা শুরু হয়। প্রথম বক্তা ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানকে ছয় মিনিট সময় দেওয়া হয়। স্পিকার বলেন, ‘আপনার সময় ছয় মিনিট। ছয় মিনিটে দয়া করে শেষ করবেন।’ নির্ধারিত সময় শেষে হামিদুর রহমানকে থামিয়ে স্পিকার বলেন, ‘ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা।’

এরপর গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনকে ১০ মিনিট সময় দেওয়া হয়। বক্তব্যের শেষ দিকে তিনি আরও দুই মিনিট সময় চান। ফজলুল হক মিলন বলেন, ‘মাননীয় স্পিকার, এই দুইটা মিনিট সময় দেন না।’ জবাবে স্পিকার বলেন, ‘সময় নাই।’ মিলন আবারও সময় চাইলে স্পিকার বলেন, ‘আমি তো বক্তব্যের প্রারম্ভে বলেছি, মুদিদোকানে লেখা থাকে না—বাকি চাহিয়া লজ্জা দিবেন না; সময় চাহিয়া লজ্জা দিবেন না।’

পরে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুর রহমান কিরণকে ছয় মিনিট সময় দিয়ে স্পিকার আগেভাগেই বলেন, ‘ঘড়ির দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন এবং এক মিনিট বাকি থাকতে সমাপ্ত করবেন, যাতে আপনি সমাপ্ত করতে পারেন বক্তব্য।’ চট্টগ্রামের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সময় নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করলে তাঁকেও একই বার্তা দেন স্পিকার।

গিয়াস উদ্দিন কাদের বলেন, তিনি সাত মিনিট সময় পেয়েছেন, তবে স্পিকারের কাছ থেকে কিছুটা ‘ম্যাগনানিমিটি’ আশা করেছিলেন। তাঁর কথা শেষ হওয়ার আগেই স্পিকার বলেন, ‘সময় চাহিয়া লজ্জা দিবেন না।’

গিয়াস উদ্দিন কাদের আবার সময়ের প্রসঙ্গ তুললে স্পিকার বলেন, ‘সময় আপনাদের হুইপরা দেয়, আমি দিই না। সাত মিনিটে শেষ করুন, প্লিজ।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

সময় চাহিয়া লজ্জা দিবেন না-বাজেট আলোচনায় স্পিকার

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ-চীন ১৩টি সমঝোতা স্মারক সই

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।