
মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। তিনি পূর্ববর্তী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।
রোববার (৭ জুন) মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর মো. শফিকুল ইসলাম সরকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
বন্দর সূত্রে জানা গেছে, এর আগে রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল, প্রশাসনিক ও কৌশলগত পদে দায়িত্ব পালন করে দক্ষতার পরিচয় দিয়েছেন।
দায়িত্ব গ্রহণের পর বন্দরের সকল বিভাগীয় প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা, অফিসার্স অ্যাসোসিয়েশন এবং সিবিএর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেন নবনিযুক্ত চেয়ারম্যান। সভায় বন্দরের চলমান ও অসমাপ্ত প্রকল্প, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।
নতুন চেয়ারম্যান বলেন, প্রশাসনিক জটিলতা কমিয়ে বন্দরের অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল করতে হবে। একইসঙ্গে আয় বৃদ্ধি, ব্যয় সংকোচন এবং সেবার মান উন্নয়নে গুরুত্বারোপ করেন তিনি। বন্দর ব্যবহারকারীদের সঙ্গে দ্রুত মতবিনিময় সভার আয়োজনেরও ইচ্ছা প্রকাশ করেন।
রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা ১৯৯০ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৯২ সালে নির্বাহী শাখায় কমিশন লাভ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মিলিটারি স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি জাতীয় প্রতিরক্ষা কলেজ (এনডিসি) বাংলাদেশ ও নাইজেরিয়ার প্রাক্তন শিক্ষার্থী।
তাঁর ৩০ বছরেরও বেশি কর্মজীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ ও নৌঘাঁটির কমান্ডে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে বানৌজা ওমর ফারুক, বানৌজা সমুদ্র জয়, বানৌজা দুর্জয় এবং নৌঘাঁটি বানৌজা হাজী মহসিন।
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর হিসেবে মোংলা বন্দর বর্তমানে জাতীয় অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পদ্মা সেতু চালুর পর বন্দরের কার্যক্রমে নতুন গতি এসেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্পায়ন, অর্থনৈতিক অঞ্চল এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের ফলে বন্দরের গুরুত্বও বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিশ্লেষকদের প্রত্যাশা, রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফার নেতৃত্বে মোংলা বন্দরের অপারেশনাল সক্ষমতা, প্রযুক্তিনির্ভর সেবা, কনটেইনার হ্যান্ডলিং ব্যবস্থা এবং সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
সংশ্লিষ্টদের মতে, তাঁর অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং দূরদর্শী পরিকল্পনা মোংলা বন্দরের আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


