স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বারবার ‘মব কালচার’ বা আইন নিজের হাতে তুলে নেওয়ার সংস্কৃতি বন্ধের ঘোষণা দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে মাজারে হামলা, অগ্নিসংযোগ ও পীর হত্যার ঘটনায় সরকারের এই ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, সরকার একদিকে মব কালচার দমনের কথা বললেও অন্যদিকে সরকার-সমর্থিত পক্ষগুলোকে সরাসরি প্রশ্রয় দিচ্ছে।
শনিবার (১১ এপ্রিল) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়, কুষ্টিয়ার দৌলতপুরে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি মাজারে হামলা চালিয়ে প্রধান পীর শামীম রেজা জাহাঙ্গীরকে হত্যা করেছে, যা একটি গুরুতর ফৌজদারি অপরাধ।
বিবৃতিতে এনসিপি উল্লেখ করে, ধর্ম অবমাননা বা এ ধরনের যেকোনো সংবেদনশীল অভিযোগের তদন্ত ও বিচারের আইনগত কর্তৃপক্ষ হচ্ছে আদালত। ‘মব-সহিংসতা’র মাধ্যমে যারা হত্যা ও অগ্নিসংযোগ করেছে, তারা আইনের চরম লঙ্ঘন করেছে। অনতিবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীকে এই হামলার উসকানিদাতা, পরিকল্পনাকারী ও জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানায় দলটি।


