
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবি ভারতের কাছে পুনর্ব্যক্ত করেছে ঢাকা। শুক্রবার (১০ এপ্রিল) মরিশাসের পোর্ট লুইসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই সঙ্গে তিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের বিষয়েও আভাস দেন।
এর আগে ৮ এপ্রিল দিল্লি সফরকালে খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি পুনরায় তুলে ধরা হয়েছে। তবে কৌশলগত কারণে আলোচনার বিস্তারিত প্রকাশ করেননি তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়ার পর শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। তাকে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফেরত আনার বিষয়টি ভারতের বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর ভারত সফর “অবশ্যই হবে”, তবে এখনো তারিখ চূড়ান্ত হয়নি। সফর ঘিরে দুই দেশের মধ্যে প্রস্তুতি চলছে এবং দুই প্রধানমন্ত্রীর মধ্যে ইতোমধ্যে চিঠি বিনিময় ও টেলিফোনে কথা হয়েছে।
দিল্লির বৈঠকে ভিসা প্রক্রিয়া সহজ করা, জ্বালানি সংকট মোকাবিলায় সহযোগিতা এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে। খলিলুর রহমান বলেন, বৈশ্বিক সংকট মোকাবিলায় আঞ্চলিক ঐক্য জরুরি।
তিনি আরও জানান, বিমসটেককে সক্রিয় করা এবং দীর্ঘদিন স্থগিত থাকা সার্ক সম্মেলন পুনরায় চালুর বিষয়েও বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে।


