সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ইরানে সরকার পরিবর্তনের আশায় ট্রাম্পের দিকে তাকিয়ে ইসরায়েল | চ্যানেল খুলনা

ইরানে সরকার পরিবর্তনের আশায় ট্রাম্পের দিকে তাকিয়ে ইসরায়েল

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বাড়ানো নিয়ে যখন বিশ্বজুড়ে জল্পনা তুঙ্গে, তখন নীরব ইসরায়েল। চলতি মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভের প্রতি সমর্থন জানানো ছাড়া দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে খুব একটা কিছু বলেননি। তাঁর সরকারও একই অবস্থান নিয়েছে।

বিশ্লেষকদের মতে, এই নীরবতাই ইসরায়েলের কৌশল। দেশটির নেতৃত্ব এখন ইরানে সরকার পরিবর্তনের সুযোগ দেখছে; আর সেই লক্ষ্যে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ভরসা রাখছে।

ইসরায়েলের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থায় ২৫ বছর দায়িত্ব পালন করা এবং বর্তমানে ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের ইরান-বিষয়ক জ্যেষ্ঠ গবেষক ড্যানি সিত্রিনোভিচ বলেন, নেতানিয়াহুর কাছে এটি একধরনের ‘সোনালি মুহূর্ত’। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের এত শক্তি মোতায়েন, আর ট্রাম্পের ইরান আক্রমণের খুব কাছাকাছি থাকা—এ সুযোগ তিনি হারাতে চান না।

ইসরায়েলের সাবেক সিগন্যালস ইন্টেলিজেন্স ইউনিটের উপপরিচালক আসাফ কোহেনও মনে করেন, নীরবতার পেছনে পরিষ্কার কৌশল আছে। তাঁর ভাষায়, ইসরায়েলি নেতৃত্ব বিশ্বাস করে, এবার আমেরিকানদের সামনে এগোতে দেওয়া উচিত। তারা শক্তিশালী, তাদের সক্ষমতা বেশি এবং আন্তর্জাতিক বৈধতাও অনেক বেশি।

ইরানকে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখেন নেতানিয়াহু। প্রকাশ্যে নীরব থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে নীরব সমন্বয় অব্যাহত আছে। চলতি সপ্তাহে ইসরায়েলের সামরিক গোয়েন্দাপ্রধান শ্লোমি বাইন্ডার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, ওই আলোচনায় ইরানে হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু নিয়েই কথা হয়েছে।

সিত্রিনোভিচের দাবি, নেতানিয়াহু ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্রকে ‘সর্বোচ্চ মাত্রার হামলার’ দিকে ঠেলে দিচ্ছেন, যার লক্ষ্য ইরানে সরকার পরিবর্তন। তিনি বলেন, নেতানিয়াহু মনে করেন, আগের পরিকল্পিত হামলাগুলো ছিল খুবই সীমিত। তাঁর দৃষ্টিতে, ক্ষেপণাস্ত্রের হুমকি বন্ধ করতে হলে সরকার পরিবর্তন ছাড়া উপায় নেই; আর সেটা শুধু যুক্তরাষ্ট্রের পক্ষেই সম্ভব।

কেন সরকার পরিবর্তন চায় ইসরায়েল
ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকদের একাংশের মতে, তেহরানে সরকার পরিবর্তন হলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র অর্জনের আশঙ্কা কমবে। একই সঙ্গে হিজবুল্লাহসহ ইরানের আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোও দুর্বল হবে।

ইসরায়েলের সংসদের প্রতিরক্ষা কমিটির সদস্য ও বিরোধী ইয়েশ আতিদ দলের নেতা মোশে তুর-পাজ বলেন, ‘যখন আপনি চরম অশুভ শক্তির সঙ্গে মোকাবিলা করেন, তখন সীমিত পদক্ষেপ যথেষ্ট নয়। ইরানের মতো শত্রুর প্রশ্নে আমাদের মধ্যে বড় কোনো মতভেদ নেই—সবাই হুমকিটা বোঝে।’

মোশে তুর-পাজের মতে, সীমিত হামলা বা নতুন কোনো চুক্তি হলে বর্তমান সরকার টিকে যাবে, যা ইসরায়েলের জন্য দীর্ঘ মেয়াদে আরও ঝুঁকিপূর্ণ।

তবে সরকার পরিবর্তনের ঝুঁকিও কম নয়। গত বছর ১২ দিনের যুদ্ধে ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইসরায়েলের দিকে। তেল আবিবসহ বিভিন্ন শহরে আঘাতে অন্তত ২৮ জন নিহত হয়। বিশ্লেষকদের মতে, ইরান এখন সেই অভিজ্ঞতা থেকে শিখে ক্ষেপণাস্ত্র মজুত পুনর্গঠন করছে।

ইরানের সর্বোচ্চ নেতার এক জ্যেষ্ঠ উপদেষ্টা সম্প্রতি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে তেল আবিবে ‘তাৎক্ষণিক ও নজিরবিহীন’ প্রতিক্রিয়া আসবে।

সিত্রিনোভিচ বলেন, নেতানিয়াহুর ভয়, আবার যদি হামলা আসে, কিন্তু সরকার না বদলায়, তাহলে ইসরায়েলকে শুধু আঘাত সহ্য করেই যেতে হবে। তাই তাঁর ধারণা, ঝুঁকি নিয়েও সরকার পরিবর্তনই একমাত্র পথ।

ইরানে ট্রাম্পের ছক নিয়ে অন্ধকারে মধ্যপ্রাচ্য, জল্পনায় আগ্রাসনের মার্কিন কৌশলইরানে ট্রাম্পের ছক নিয়ে অন্ধকারে মধ্যপ্রাচ্য, জল্পনায় আগ্রাসনের মার্কিন কৌশল
ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হওয়া, আঞ্চলিক প্রভাব কমে যাওয়া এবং অভ্যন্তরীণ বিক্ষোভ—এই সব মিলিয়ে অনেক ইসরায়েলি বিশ্লেষক মনে করছেন, এটি ‘এখনই বা কখনোই নয়’ ধরনের মুহূর্ত।

তবে প্রশ্ন থেকেই যায়-সরকার বদলালে ইরানকে কে চালাবে? বিশ্লেষকেরা মনে করিয়ে দিচ্ছেন, শুধু আকাশপথের হামলা দিয়ে সাধারণত কোনো সরকার পতন হয় না। আর একটি গৃহযুদ্ধ শুধু ইরান নয়, গোটা অঞ্চলকেই অস্থির করে তুলতে পারে।

এই অনিশ্চয়তার মধ্যেই ইসরায়েলের দৃষ্টি এখন ওয়াশিংটনের দিকে, বিশেষ করে ট্রাম্পের সিদ্ধান্তের দিকে। কারণ, ইসরায়েলের হিসাব অনুযায়ী, ইরানে সরকার পরিবর্তনের চাবিকাঠি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের হাতেই।

বিবিসি থেকে সংক্ষেপে অনূদিত

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ইরান এতগুলো দেশে হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প

কাতার-বাহরাইনে হামলার পর জেরুজালেমে বিস্ফোরণ

ইরানের হামলায় ২৪ ঘণ্টায় শতাধিক ইসরায়েলি আহত

যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ

মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা, জীবিতদের কী হবে

মালদ্বীপে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।