
তেহরানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স হ্যান্ডেলে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয় এই আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক—বিশেষ করে বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
সাক্ষাৎকালে মুত্তাকি আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্যের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি উভয় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এই সুযোগগুলোকে আরও বেশি কাজে লাগানোর আহ্বান জানান।
স্পিকার দুই দেশের সম্পর্ককে দীর্ঘস্থায়ী হিসেবে অভিহিত করেন এবং আশা প্রকাশ করেন, আফগানিস্তানের অর্থনৈতিক পুনর্গঠন প্রক্রিয়া দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে সহায়তা করবে।
আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় ফিরে আসার প্রায় পাঁচ বছর পর বৈঠকটি অনুষ্ঠিত হলো।


