
খুলনায় চার সাংবাদিককে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। ঘটনার পর খুলনা প্রেসক্লাবে গিয়ে ভুক্তভোগী সাংবাদিক ও সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) রাত সোয়া ১২টার দিকে খুলনা সদর থানাধীন জাতিসংঘ পার্কের পশ্চিম পাশের সড়কে একটি পানের দোকানের সামনে বসে চা পান করছিলেন এসএ টিভির খুলনা ব্যুরোপ্রধান রকিবুল ইসলাম মতি, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের খুলনা প্রতিনিধি শেখ আওয়াল, স্টার টিভির খুলনা প্রতিনিধি রফিউল ইসলাম টুটুল ও দৈনিক আমাদের সময়ের খুলনা প্রতিনিধি হুমায়ুন কবির রানা।
এ সময় হেলমেট পরা অজ্ঞাত ব্যক্তিরা মোটরসাইকেলে এসে গতি কমিয়ে সাংবাদিকদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কেউ হতাহত হননি। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর খুলনা প্রেসক্লাবে যান কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। সেখানে তিনি চার সাংবাদিকের কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনেন এবং দ্রুত রহস্য উদ্ঘাটনের আশ্বাস দেন।
পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পুলিশ কমিশনার ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
তিনি জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে পিবিআই, সিআইডি, র্যাব, কেএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি) ও অপরাধ শাখাকে গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।


