
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় রয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সরকারের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের পর শুক্রবার (২৪ জুলাই) সিজেপি জানিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত জানাতে সরকার শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে এবং এই সময়ের মধ্যে দাবি মানা না হলে বিক্ষোভ অব্যাহত থাকবে।
এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, আজ শুক্রবার বিকেলে কনস্টিটিউশন ক্লাবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সরকারের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এবং জিতেন্দ্র সিং। অন্যদিকে সিজেপির প্রতিনিধিত্ব করেন জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।
বৈঠক শেষে সিজেপির আশুতোষ রাঙ্কা বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরকার আগামীকাল দুপুর পর্যন্ত সময় চেয়েছে। আমরা আশা করি সরকার তাঁকে দ্রুত সরিয়ে দেবে। এ ছাড়া আত্মহননকারী নিট পরীক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর ও মামলা প্রত্যাহারে সরকার রাজি হয়েছে।’
এর আগে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া এবং পরীক্ষার অনিয়মে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দুটি শর্ত সরকার মেনে নেওয়ার পরই সিজেপি আলোচনায় বসতে রাজি হয়।


