
দিল্লির যন্তর মন্তরে টানা ২১ দিনের অনশনের পর লাদাখের অধিকারকর্মী সোনম ওয়াংচুককে হাসপাতালে নেওয়া হয়েছে। দিল্লি হাইকোর্টের নির্দেশ ও চিকিৎসকদের পরামর্শে পুলিশ তাকে সফদরজং হাসপাতালে স্থানান্তর করে। তবে আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ জোর করে অনশনস্থল থেকে তাকে তুলে নিয়ে গেছে।
এই ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে চার দশক আগের একটি ইতিহাস। ১৯৮৪ সালে লাদাখকে তফসিলি উপজাতি (এসটি) মর্যাদা দেওয়ার দাবিতে আমরণ অনশনে বসেছিলেন ওয়াংচুকের বাবা সোনম ওয়াংয়াল। সে সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী লেহ সফর করে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন এবং দাবি পূরণের আশ্বাস দেন। পরে ১৯৮৯ সালে লাদাখের কয়েকটি জনগোষ্ঠী আনুষ্ঠানিকভাবে এসটি মর্যাদা লাভ করে।
বর্তমানে সোনম ওয়াংচুক জাতীয় পর্যায়ে পরীক্ষা ব্যবস্থার অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে অনশন করছেন। আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং ভারতের পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি জানিয়েছেন।
একই পরিবারের দুই প্রজন্মের এই দুই অনশন ভারতের রাজনৈতিক ইতিহাসে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এবার অবশ্য আন্দোলনস্থলে প্রধানমন্ত্রী না গিয়ে আদালতের নির্দেশে পুলিশ ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যায়।


