সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
‘ভোটে নির্ধারিত হবে কে বেয়াদব আর কে গ্যাংস্টার’ | চ্যানেল খুলনা

‘ভোটে নির্ধারিত হবে কে বেয়াদব আর কে গ্যাংস্টার’

ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আগে যা করেছেন, সেই আচরণ যদি পরিত্যাগ করতে না পারেন, তাহলে এবার নির্বাচনে এটার পরিণতি ভালো হবে না।’

এনসিপি নেতা আরও বলেছেন, ‘নির্বাচন মানে কথার লড়াই। আপনি একটা কথা বলবেন, আমি একটা কথা বলব। জনগণ সিদ্ধান্ত নেবে, তারা কাকে ভোট দেবে। আপনারা জনগণকে কেন সিদ্ধান্ত নিতে দিচ্ছেন না? জনগণ ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করবে, কে বেয়াদব আর কে গ্যাংস্টার। কে সন্ত্রাসী আর কে জনগণের পক্ষে কথা বলে।’

রাজধানীর ফকিরাপুলের একটি হোটেলে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এদিন সকালে রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে প্রচারে গিয়ে একদল ব্যক্তির তোপের মুখে পড়েন ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। কলেজের পিঠা উৎসবে তিনি আমন্ত্রিত অতিথি ছিলেন। সেখানে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর কর্মী-সমর্থকদের লক্ষ্য করে একের পর এক ডিম ছুড়ে মারা হয়। তাঁকে ঘিরে ধরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়া হয়।

বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের নির্দেশে নাসীরুদ্দীনের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, ‘আজকে যেটা হয়েছে, এটা খুবই দুঃখজনক। খুবই ন্যক্কারজনক। এটা অস্বীকারের চেষ্টা আরও বেশি ন্যক্কারজনক। কলেজে একেবারে চিহ্নিত ছাত্রদলের ক্যাডার সন্ত্রাসীরা পরিকল্পনা করে এটা করেছে। মির্জা আব্বাসের নির্দেশে, তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা আজকে ঘটেছে।’

নাহিদ ইসলাম বলেন, ‘মির্জা আব্বাসের ইতিহাস আমরা জানি। আমরাও এই ঢাকা শহরে বড় হয়েছি। জিয়াউর রহমান মির্জা আব্বাসকে ডেকে একটা হুন্ডা এবং ৩০ টাকা দিয়ে বলেছিলেন, ‘আমার সাথে রাজনীতি কর এবং ইলেকশনে কাজ কর।’ ওইখান থেকে বিএনপির সাথে তাঁর রাজনীতিতে যাত্রা। সেই জায়গা থেকে তিনি ঢাকা শহরে সাম্রাজ্য তৈরি করেছেন। এই সাম্রাজ্য কীভাবে হইছে, তা এই ঢাকা শহরের, বাংলাদেশের মানুষ জানে।’

সবাইকে সতর্ক করে নাহিদ ইসলাম বলেন, ‘যদি আঘাত আসে, তাহলে পাল্টা আঘাত আসবে। যদি নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করে, যদি পুলিশ নীরব ভূমিকা পালন করে, তাহলে আমাদের পক্ষ থেকে যা করণীয় আমরা তা করব। একদলের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্য দলের প্রার্থীদের ওপরও ডিম পড়বে।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘আজকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি নির্বাচন কমিশনের প্রতি, দেখতে চাই তারা এর কী ব্যবস্থা নেয়, কলেজ প্রশাসন কী ব্যবস্থা নেয় এবং বিএনপি দলীয়ভাবে এর কী ব্যবস্থা নেয়।’

সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনী আমাদের ওপর হামলা করেছে। ছাত্রদলের যারা হামলা করেছে, সন্ত্রাসী হামলা করেছে, আমি পুরো বাংলাদেশের কাছে তাদের বিচার দিলাম।’

এ সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মির্জা আব্বাসকে বহিষ্কারের দাবি জানান নাসীরুদ্দীন।

নাসীরুদ্দীনের ওপর হামলার প্রতিবাদে বিকালে শান্তিনগর এলাকায় বিক্ষোভ মিছিল করেন এনসিপির নেতা-কর্মীরা। দলের পক্ষ থেকে হামলার প্রতিবাদে বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে আসছেন। তাঁর এই সাহসী অবস্থানেই ক্ষুব্ধ হয়ে রাজনৈতিক পরিচয়ের আড়ালে একটি কুচক্রী মহল তাঁকে ভয় দেখাতে এবং নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দিতে হামলা চালাচ্ছে।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

রাষ্ট্রপতি ৩ কারণে অপরাধী, তাঁর বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না: শফিকুর রহমান

খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ: জামায়াত আমির

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: খুলনায় নাহিদ ইসলাম

শেখ হাসিনা সরকারের প্রবণতা এই সরকারেও দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

খুলনা মহানগর বিএনপির ইফতার মাহফিল ১৪ মার্চ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।