
ইরানের মাশহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে, যেখানে একটি বেসামরিক যাত্রীবাহী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সূত্র ও বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রানওয়ে ও পার্কিং এলাকায় হামলার ফলে বিমানটি সরাসরি আঘাতপ্রাপ্ত হয়। বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। তখন বিমানটি মাটিতেই ছিল এবং উড়ানের প্রস্তুতি চলছিল, ফলে কোনো যাত্রী বিমানে উপস্থিত ছিল না।
ক্ষতিগ্রস্ত বিমানটি ছিল ইরানের বেসরকারি এয়ারলাইন্স মাহান এয়ারে, যা আগামী ১ এপ্রিল দিল্লির উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা ছিল। এই ফ্লাইটে ভারত থেকে ১১ টনেরও বেশি মানবিক সহায়তা, বিশেষ করে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর পরিকল্পনা ছিল।
ইরানে চলমান সংঘাতের কারণে এসব সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তবে হামলার ফলে সেই পরিকল্পনা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
ঘটনার পরপরই দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে বিমানের ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। ইরানি কর্তৃপক্ষ এই হামলাকে নিরস্ত্র বেসামরিক অবকাঠামোর ওপর আক্রমণ হিসেবে নিন্দা জানিয়েছে
অন্যদিকে যুক্তরাষ্ট্র সরাসরি দায় স্বীকার না করলেও জানিয়েছে, তারা ইরানের কিছু বিমানবন্দর ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে অভিযান চালাচ্ছে।
বিশ্লেষকদের মতে, মাহান এয়ারের সঙ্গে ইরানের সামরিক গোষ্ঠীর সম্পর্ক থাকার অভিযোগ এই হামলার একটি সম্ভাব্য কারণ হতে পারে।


