
দেশ এগিয়ে নিতে বিএনপি অন্য কোনো বিভাজন সৃষ্টি করতে চায় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা (বিএনপি) উদার গণতন্ত্র বিশ্বাস করি, সেই উদার গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা এখানে অন্য কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। বাংলাদেশ যে কারণে সৃষ্টি হয়েছে, সে কারণেই আমরা আরও জোর দিয়ে সেই দেশটা প্রতিষ্ঠিত করতে চাই। আর সে কারণেই আমার নেতা, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান স্লোগানটা দিয়েছেন– ‘সবার আগে বাংলাদেশ।’
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বৃহস্পতিবার (৪ মে) সকালে রাজধানীর শান্তিনগরের সার্কিট হাউস রোডে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) তাদের অডিটোরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করে।
‘১৯৭১ সালের যুদ্ধের সঙ্গে আর অন্য কোনো কিছুকে মেলাতে পারি না’ উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা দেখলাম যে ১৯৭০ সালে নির্বাচনে একটি প্রশ্ন… সবাই একটা দলকেই ভোট দিয়ে বসে থাকল। সেটা কিন্তু ওই দলের জন্য না, মানুষের আকাঙ্ক্ষার জন্য। মানুষ তখন পাকিস্তান থেকে বেরিয়ে আসতে চেয়েছিল।’
নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল বলেন, ‘আমি মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। সংগঠক হিসেবে খুব কাছাকাছি মুক্তিযুদ্ধকে দেখেছি, ভয়াবহতা দেখেছি! দেখেছি কীভাবে পাক হানাদার বাহিনী গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে। কীভাবে মানুষ হত্যা করেছে, কীভাবে নারীদের ওপর নির্যাতন করেছে, এটা খুব কাছে থেকে দেখা। সেই কারণেই ওটাকে ঠিক কখনোই ক্ষমা করতে পারি না। যে কারণে ১৯৭১ সালের যুদ্ধের সঙ্গে আর অন্য কোনো কিছুকে মেলাতে পারি না!’


