
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ৮৪টি কূটনৈতিক মিশনের যেকোনোটিতে গেলেই তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলেও তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ৮৪টি কূটনৈতিক মিশনের প্রতিটিই দেশের ভূখণ্ড হিসেবে বিবেচিত। তাই শেখ হাসিনা এসব মিশনের যেকোনোটিতে গেলে তাঁকে গ্রেপ্তার করা হবে।
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। অন্য দণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে বাংলাদেশের আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া হয়, তাঁর ক্ষেত্রেও একই ব্যবস্থা প্রযোজ্য হবে। তিনি দেশে ফিরলে তাৎক্ষণিক গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। এ ক্ষেত্রে কোনো ব্যতিক্রম হবে না।
শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠানের ই-মেইল পাঠানোর বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ১৯৭২ সালের সংবিধানে এ বিষয়ে স্পষ্ট বিধান রয়েছে। মানবতাবিরোধী অপরাধে কোনো ব্যক্তি দণ্ডপ্রাপ্ত ও দোষী সাব্যস্ত হলে সরকার তাঁকে পাসপোর্ট, এনআইডি বা এ ধরনের কোনো সুবিধা দিতে বাধ্য নয়।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে শামা ওবায়েদ বলেন, ভারতসহ বিভিন্ন দেশে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনার কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ রয়েছে।
শেখ হাসিনার সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে রাজনৈতিক আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা দেশে এলে গ্রেপ্তার হয়ে কারাগারে যাবেন। আইন নিজস্ব গতিতে চলবে।
বাংলাদেশ হাইকমিশনের শেখ হাসিনাকে গ্রেপ্তারের সক্ষমতা নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তিনি বর্তমানে কোথায় অবস্থান করছেন, তা নিশ্চিতভাবে জানা নেই। তবে বাংলাদেশের ৮৪টি কূটনৈতিক মিশনের যেকোনোটিতে গেলে তাঁকে গ্রেপ্তার করা হবে।
শেখ হাসিনার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার বিষয়টি আইন মন্ত্রণালয় দেখছে বলেও জানান তিনি।


