
বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে নির্বাচনে অনিয়ম, কেন্দ্র দখল, নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ এনে আসন দুটিতে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে বলব—আপনারা এই দুটি আসনের নির্বাচনকে বাতিল ঘোষণা করুন। এই নির্বাচনে একতরফাভাবে বিএনপির প্রার্থীরা কেন্দ্র দখল করে বাক্সভর্তি করে নিয়েছে। এই নির্বাচন আমরা মানি না। এই দুই আসনে নির্বাচন আবারও দিতে হবে।’
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, বিএনপির আমলের প্রথম নির্বাচনে নজিরবিহীন ভোট ডাকাতি, কেন্দ্র দখল, জাল ভোট ও প্রতিপক্ষের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা আওয়ামী লীগকেও হার মানিয়েছে। তিনি বলেন, ‘নির্বাচনে জাল ভোট, কেন্দ্র দখল, প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীর নেতাকর্মীদের ওপর হামলার চিত্র মিডিয়ায় প্রকাশ হওয়ার পরও সিইসি নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করেছে।’ এটিকে ‘জাতির সঙ্গে তামাশা’ বলে আখ্যা দেন পরওয়ার।
গণভোট প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে গণভোটের রায় অক্ষরে অক্ষরে মানার প্রতিশ্রুতি দেওয়া হলেও সরকার গঠনের পর তা বাতিল করা হয়েছে। বিএনপির এই অবস্থানকে ‘জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা’ এবং ‘শহীদদের রক্তের সঙ্গে চরম বেইমানি’ বলে মন্তব্য করেন তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীসহ সরকারের মন্ত্রী-এমপিরা যদি গণভোটে ৭০ শতাংশ জনগণের রায় মেনে নিতে না পারে, তবে তাদের সংসদে দাঁড়িয়ে বলতে হবে তারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়নি। তাঁরা যদি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে থাকেন, তবে জুলাই সনদ বাস্তবায়নে তারা সংসদ সদস্য হিসেবে যেভাবে শপথ নিয়েছেন, একইভাবে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতেন।
সংস্কার প্রস্তাবে বিএনপি যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছিল, ৫ কোটি জনগণ গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করে বিএনপির সেই নোট অব ডিসেন্ট বাতিল করে দিয়েছে বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা। তিনি আরও বলেন, ‘বিএনপি ৭০ শতাংশ জনগণের রায় উপেক্ষা করে ফ্যাসিবাদের পথে হাঁটছে।’
গোলাম পরওয়ার সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে ক্ষমতায় টিকে থাকা যাবে না। ক্ষমতায় টিকে থাকতে হলে বিএনপিকেই চলমান রাজনৈতিক সংকট সমাধান করতে হবে।’
বগুড়া-৬ উপনির্বাচন: বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা জয়ীবগুড়া-৬ উপনির্বাচন: বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা জয়ী
জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি আব্দুল মান্নান প্রমুখ।
সমাবেশ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করেন জামায়াত নেতা-কর্মীরা। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর গোলচত্বর গিয়ে শেষ হয়।


