সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান হচ্ছে: প্রধানমন্ত্রী | চ্যানেল খুলনা

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান হচ্ছে: প্রধানমন্ত্রী

পরিকল্পিত, নিরাপদ, পরিবেশবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক নগর গড়ে তোলাকে সরকারের অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বিশ্ব বসতি দিবস-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পিত নগরায়ণের পাশাপাশি নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের মানুষের জন্য বাসযোগ্য, নিরাপদ ও মর্যাদাপূর্ণ আবাসনের ব্যবস্থা করাও সরকারের পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পেয়েছে। পরিকল্পিত নগরায়ণ ও আবাসন নিশ্চিত করা এবং সীমিত আয়ের মানুষের জন্য বাসস্থানের সুযোগ তৈরি করা সরকারের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার বলেও উল্লেখ করেন তিনি।

এ লক্ষ্য বাস্তবায়নে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে জানিয়ে তারেক রহমান বলেন, ইতোমধ্যে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। এর মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ, সহনশীল ও টেকসই নগর গড়ে তোলা এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১১ নম্বর অভীষ্ট অর্জন আরও সহজ হবে।

শহরাঞ্চলে মানুষের অতিরিক্ত চাপ কমাতে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রাজধানী ঢাকাসহ দেশের শহরগুলোর সঙ্গে সারাদেশের যোগাযোগ ব্যবস্থা দ্রুত, সাশ্রয়ী ও নিরাপদ করার পাশাপাশি গ্রামাঞ্চলে নাগরিক সুবিধা বাড়ানো প্রয়োজন। এর মাধ্যমে শহরমুখী মানুষের চাপ কমানো সম্ভব হতে পারে।

তিনি বলেন, দেশের প্রতিটি অঞ্চলকে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সরকারের লক্ষ্য কেন্দ্রীভূত নগরায়ণ নয়; বরং বিকেন্দ্রীভূত, ভারসাম্যপূর্ণ নগর ও আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করা।

বাংলাদেশের মতো জনবহুল দেশে সবার জন্য নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নত বিশ্বের তুলনায় বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে এ কাজ সহজ নয়। তবে প্রতিযোগিতামূলক বিশ্বে মর্যাদার সঙ্গে টিকে থাকতে হলে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে।

দেশের শহর, বন্দর ও নগরগুলোতে জনসংখ্যা ক্রমাগত বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, রাজধানী ঢাকা বর্তমানে অতিরিক্ত জনসংখ্যার চাপে রয়েছে। দেশের অন্যান্য শহরেও প্রায় একই পরিস্থিতি তৈরি হয়েছে। শহরের স্বাভাবিক ধারণক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি মানুষের বসবাসের কারণে নগরজীবনে নানা সংকট সৃষ্টি হচ্ছে।

এ পরিস্থিতিতে ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ ধারণাকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শহরগুলোতে সবার জন্য নিরাপদ, মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব ও সুপরিকল্পিত নগর গড়ে তোলা জরুরি।

অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক।

এর আগে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দিবসটি উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানস্থলে প্রবেশের আগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন তিনি।

বিশ্ব বসতি দিবস উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে তিন দিনব্যাপী আবাসন মেলারও আয়োজন করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রধানমন্ত্রী কর্নার আরও সংবাদ

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান হচ্ছে: প্রধানমন্ত্রী

বিশ্বনেতাদের সম্মানে ট্রাম্পের নৈশভোজে তারেক-জোবাইদা

জাতীয় স্বার্থ, অর্থনীতি ও প্রাতিষ্ঠানিক সংস্কার অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

‘স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে’: ফেনীতে তারেক রহমান

১৫ হাজার ৮২৩ কোটি টাকায় ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন একনেকে

নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।