
কোষ্ঠকাঠিন্য, ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবে জ্বালাপোড়া কিংবা মলত্যাগে ব্যথা—এ সমস্যাগুলোকে সাধারণত আলাদা আলাদা রোগের লক্ষণ হিসেবে দেখা হয়। কেউ এসব সমস্যায় গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যান, কেউ আবার মূত্রনালির সংক্রমণের সন্দেহে ইউরোলজিস্টের পরামর্শ নেন। তবে আপাতদৃষ্টিতে সম্পর্কহীন এসব সমস্যার পেছনে একই কারণ থাকতে পারে। সেটি হলো এন্ডোমেট্রিওসিস।
এন্ডোমেট্রিওসিস সাধারণত ঋতুস্রাবের সময় তীব্র ব্যথা ও বন্ধ্যত্বের সঙ্গে সম্পর্কিত। তবে এই রোগ অন্ত্র বা মূত্রনালিতে ছড়িয়ে পড়লে উপসর্গের ধরন বদলে যেতে পারে। অনেক সময় একাধিক বিশেষজ্ঞ আলাদাভাবে এসব সমস্যার চিকিৎসা করেন। কিন্তু উপসর্গের সঙ্গে ঋতুচক্রের সম্পর্ক খেয়াল না করায় মূল রোগটি শনাক্ত হতে দেরি হয়। কিছু ক্ষেত্রে এই বিলম্ব অন্ত্র ও কিডনির স্বাভাবিক কার্যকারিতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
কেন অন্য রোগের সঙ্গে গুলিয়ে যায়
বিশেষজ্ঞদের মতে, অনেক নারী প্রথম উপসর্গ দেখা দেওয়ার সাত থেকে দশ বছর পর এন্ডোমেট্রিওসিসের সঠিক রোগনির্ণয় পান। এর একটি কারণ হলো, এ রোগের টিস্যু অনেক সময় কোনো অঙ্গের বাইরের দেয়ালে বা গভীর স্তরে বৃদ্ধি পায়। ফলে কোলোনোস্কোপি বা সিস্টোস্কোপির মতো পরীক্ষায় রোগটি ধরা না-ও পড়তে পারে। কারণ, এসব পরীক্ষায় মূলত অন্ত্র বা মূত্রাশয়ের ভেতরের আস্তরণ দেখা হয়; বাইরের দেয়ালে বেড়ে ওঠা টিস্যু সব সময় শনাক্ত হয় না।
পিরিয়ডের সঙ্গে উপসর্গের সম্পর্ক
এন্ডোমেট্রিওসিসের গুরুত্বপূর্ণ সতর্কসংকেত হলো, ঋতুস্রাবের সময় নির্দিষ্ট কিছু উপসর্গের বেড়ে যাওয়া। এর মধ্যে রয়েছে মলত্যাগে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, পেট ফাঁপা এবং পিরিয়ডের সময় মলদ্বার দিয়ে রক্তপাত। এ ছাড়া ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবে জ্বালাপোড়া কিংবা প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।
কোনো কোনো নারী বেদনাদায়ক সহবাস এবং শ্রোণি অঞ্চলে ব্যথা অনুভব করেন। এই ব্যথা কখনো পিঠ ও উরু পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে পিরিয়ডের সময় এসব উপসর্গ নিয়মিত বাড়লে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।
দেরিতে রোগনির্ণয়ে ঝুঁকিতে কিডনি ও অন্ত্র
গভীর অন্ত্রের এন্ডোমেট্রিওসিসের কারণে অন্ত্রের কোনো অংশ সংকুচিত হয়ে যেতে পারে। গুরুতর ক্ষেত্রে এটি অন্ত্রের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে।
অন্যদিকে, রোগটি কিডনি থেকে মূত্রাশয়ে প্রস্রাব বহনকারী নালি বা ইউরেটারে ছড়িয়ে পড়লে প্রস্রাবের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হতে পারে। এর ফলে হাইড্রোনেফ্রোসিস দেখা দিতে পারে। এ অবস্থায় প্রস্রাব জমে কিডনি ফুলে যায় এবং ধীরে ধীরে কিডনির ক্ষতি হতে পারে। উদ্বেগের বিষয় হলো, কোনো কোনো ক্ষেত্রে স্পষ্ট উপসর্গ ছাড়াই এই ক্ষতি বাড়তে থাকে।
যেসব পরীক্ষায় শনাক্ত হতে পারে
এন্ডোমেট্রিওসিস শনাক্ত করতে রোগীর ঋতুচক্র, উপসর্গের ধরন ও চিকিৎসার বিস্তারিত ইতিহাস জানা জরুরি। গভীর এন্ডোমেট্রিওসিস শনাক্ত করতে চিকিৎসকেরা বিশেষ ধরনের ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড বা পেলভিক এমআরআই করার পরামর্শ দিতে পারেন। মূত্রনালি আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকলে কিডনির অবস্থাও ইমেজিং পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করা গুরুত্বপূর্ণ।
চিকিৎসায় প্রয়োজন একাধিক বিশেষজ্ঞের সমন্বয়
এন্ডোমেট্রিওসিসের চিকিৎসা নির্ভর করে রোগের অবস্থান ও তীব্রতার ওপর। কিছু রোগীর ক্ষেত্রে গভীর ক্ষত অপসারণে অস্ত্রোপচার প্রয়োজন হয়। আবার অন্যদের ওষুধের মাধ্যমে চিকিৎসা দেওয়া সম্ভব।
অন্ত্র বা মূত্রনালি আক্রান্ত হলে চিকিৎসায় একাধিক বিশেষজ্ঞের সমন্বয় জরুরি হতে পারে। এ ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিস সার্জনের পাশাপাশি কোলোরেক্টাল সার্জন ও ইউরোলজিস্ট কাজ করেন। এতে আক্রান্ত অঙ্গের অবস্থা বিবেচনায় রেখে চিকিৎসা পরিকল্পনা করা এবং সম্ভব হলে অঙ্গগুলোর স্বাভাবিক কার্যকারিতা রক্ষা করা সহজ হয়।


