
নিউজিল্যান্ডের আইপিএল ও পিএসএল ব্যস্ততার কারণে এবার বাংলাদেশ সফরে আসছে মূলত দ্বিতীয় সারির দল। তবে শক্তিশালী কিউইদের ‘ডেপথ’ স্কোয়াড নিয়েও আত্মতুষ্টিতে নেই বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, নিউজিল্যান্ডকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
তিনি বলেন, নিউজিল্যান্ড সবসময়ই চ্যালেঞ্জিং দল। ঘরের মাঠে খেললেও আমাদের সতর্ক থাকতে হবে এবং পয়েন্ট অর্জনের লক্ষ্য মাথায় রাখতে হবে।
দলের একাধিক নিয়মিত ক্রিকেটার আইপিএল ও পিএসএলে ব্যস্ত থাকায় টম লাথাম এবার সিরিজে নিউজিল্যান্ডের নেতৃত্ব দেবেন। নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার ছাড়াও গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্র, ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেলের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা থাকছেন না।
নান্নুর মতে, এই সিরিজ সহজ হবে না। তিনি বলেন, “ওদের দ্বিতীয় সারির দল হলেও তারা বিপদ তৈরি করতে পারে। তাই সিরিজকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।”
আসন্ন সিরিজটি বাংলাদেশের জন্য র্যাঙ্কিংয়ের দিক থেকেও গুরুত্বপূর্ণ। আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফিকেশনের দৌড়ে র্যাঙ্কিং উন্নত করতে এই সিরিজ বড় সুযোগ হিসেবে দেখছে বাংলাদেশ।
বাংলাদেশের লক্ষ্য থাকবে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ভালো পারফরম্যান্স করা এবং সামনের সিরিজগুলোর জন্য আত্মবিশ্বাস তৈরি করা।
১৭ এপ্রিল মিরপুরে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। এরপর দ্বিতীয় ওয়ানডে একই মাঠে এবং তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। পরে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল।


