
সাতক্ষীরার তালা উপজেলায় তিন পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর ও স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে। অভিযোগটি করেছেন উপজেলার উত্তর মাছিয়াড়া গ্রামের মোহাম্মদ মোড়লের ছেলে ইউনুচ মোড়ল (৫৯)।
ঘটনাটি রবিবার (১২ এপ্রিল) দুপুরে ঘটেছে। অভিযোগে জানা যায়, একই গ্রামের মৃত ছবেদ আলী মোড়লের ছেলে হযরত আলী মোড়ল (৫৭) এবং তার ছেলে রাসেল মোড়ল (১৯) এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী ইউনুচ মোড়ল জানান, প্রায় ৪ শতক জমির ওপর তাদের বাপ-দাদার তিন পুরুষের বসতভিটা রয়েছে। প্রায় আট বছর আগে এ জমি নিয়ে প্রতিপক্ষ হযরত আলী মোড়ল আদালতে মামলা করেন, যা এখনো চলমান।
তিনি অভিযোগ করেন, রবিবার সকালে তারা বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষরা বেলা ১১টার দিকে তাদের টিন ও টালির ছাউনি দেওয়া চারটি ঘর ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেয়।
তিনি আরও জানান, এ সময় তার ঘরে থাকা নগদ ১ লাখ ৫৫ হাজার টাকা এবং প্রায় দেড় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় দুর্বৃত্তরা। একই সঙ্গে তার ছোট ভাই আকবার মোড়লের ঘর ভাঙচুর করে সেখানে রাখা প্রায় সাড়ে ৬ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করা হয়।
এ ঘটনায় বাধা দিতে গেলে তাদের বৃদ্ধ মা মোমেনা বেগম (৮০)-কে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার বিচার চেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।
অন্যদিকে, অভিযুক্ত রাসেল মোড়ল বলেন, “জমিটি আমাদের রেকর্ডভুক্ত। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিশ হয়েছে এবং রায় আমাদের পক্ষে এসেছে। তারা জমি না ছাড়ায় আমরা ঘর ভেঙেছি। তবে টাকা ও স্বর্ণ চুরির অভিযোগ সঠিক নয়।” এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, “ভাঙচুরের বিষয়টি এখনো আমাদের জানা নেই। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


